টি-টোয়েন্টিতে হারল মেয়েরা

ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হালো না বাংলাদেশের মেয়েদের। আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সূচনাটা মোটামুটি ভালোই হয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার শামিমা সুলতানা (১৮) ও আয়েশা রহমানের (১২) যুগলবন্দিতে আসে ৩০ রান। এরপরই ব্যাটিং বিপর্যয়। বিনা উইকেটে ৩০ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ৩৩! এরপর ফারজানা হক ও রুমানা আহমেদের ৪১ রানের চতুর্থ উইকেট জুটি খানিকটা স্বপ্ন দেখালেও তাতে আর শেষরক্ষা হয়নি। অতঃপর ৬ উইকেটে ১১৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংসের চাকা। হারতে হয় ১৩ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানে পাকিস্তানের দুই ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। তবে বিসমাহ মারুফের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠেন জাভেরিয়া খান। জাহানারা আলমের বলে বোল্ড হওয়ার আগে জাভেরিয়া করেন ৫৮ আর মারুফ রানআউটে কাটা পড়েন ২৮-এ। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন জাহানারা, লতা ও পান্না। শনিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।