টি-টোয়েন্টিতেও জয় ভারতের
৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর একমাত্র টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়েছে ভারত। জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইরফান পাঠান ও অশোক ডিন্ডার দুর্দান্ত বোলিংয়ে দুই ওভার হাতে রেখেই ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। মাত্র ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ডিন্ডা। ৩টি উইকেট পেয়েছেন ইরফান পাঠান।১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। টানা তিন ওভারে একে একে তিলকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা ও মাহেলা জয়াবর্ধনের উইকেট তুলে নেন ইরফান পাঠান। স্কোরবোর্ডে তখন যোগ হয়েছিল মাত্র ৩৫ রান। এরপর চতুর্থ উইকেটে থিরিমানে ও অ্যাঙ্গেলো ম্যাথুসের ৩৩ রানের জুটিটিই ছিল লঙ্কান ইনিংসের সর্বোচ্চ জুটি। ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান আসে ম্যাথুসের ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্যে দিয়ে শ্রীলঙ্কান ইনিংস শেষ হয় ১১৬ রানে। ১৮তম ওভারে তিনটি উইকেট শিকার করেন ডিন্ডা।এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। দ্বিতীয় ওভারে গৌতম গম্ভীরকে সাজঘরে পাঠিয়ে শুরুটাও ভালোভাবে করেছিলেন শ্রীলঙ্কান বোলাররা। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে ভারতকে ভালো অবস্থানে নিয়ে যান আজিনকা রেহানে ও বিরাট কোহলি। ১২তম ওভারে ২১ রান করে মেন্ডিসের শিকারে পরিণত হন রেহানে। তবে এরপর সুরেশ রায়নাকে নিয়ে আবারও ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন কোহলি। ৪৮ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যায়ে সুরেশ রায়নার ৩৪ ও অধিনায়ক ধোনির ১৬ রানের হার না মানা ইনিংস দুটির সুবাদে স্কোরবোর্ডে ১৫৫ রান যোগ করে ভারত।