টি-টোয়েন্টিতেও প্রায় একই দল
অনিশ্চয়তার খেলা ক্রিকেটে টি-টোয়েন্টি আরও অনিশ্চিত। সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে দল গঠনটাও হয় অন্যরকম। ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’দের জন্য প্রায়ই জায়গা ছেড়ে দিতে হয় টেস্ট-ওয়ানডের অনেক পরিচিত মুখকেও।টি-টোয়েন্টির এই ধর্মে বাংলাদেশ বড় ব্যতিক্রম। অন্য ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা মাঝেমধ্যে টি-টোয়েন্টির ক্রিকেটার হয়ে উঠলেও আসল টি-টোয়েন্টিতে তাঁরা এখনো অনেকটাই পিছিয়ে। ১৪ ম্যাচে মাত্র ৩টি জয়, গত ১০ ম্যাচে টানা পরাজয়। বাংলাদেশের টি-টোয়েন্টি দলটাও ব্যতিক্রমী। টেস্ট আর ওয়ানডে দল থেকে টি-টোয়েন্টির দলকে আলাদা করার উপায় নেই। সম্ভাব্য কারণ দুটি—হয় বাংলাদেশে কোনো টি-টোয়েন্টি স্পেশালিস্ট নেই, অথবা সবাই-ই টি-টোয়েন্টি স্পেশালিস্ট!আগামী ৩০ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কাল যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হলো, সেটারও একই চেহারা। ওয়ানডে আর টেস্ট দলের খেলোয়াড়েরা আছেন ঘুরে-ফিরে। দল ঘোষণার চুম্বক অংশ বলতে পারেন মোহাম্মদ আশরাফুল আর মাশরাফি বিন মুর্তজার দলে ফেরাটাকে।এই দল নিয়ে আলোচনার বিষয়ও একটি—জুনায়েদ সিদ্দিক কেন দলে নেই, কেন আছেন ইমরুল কায়েস? টি-টোয়েন্টি স্পেশালিস্টের খ্যাতি নিয়েই বাংলাদেশ দলে এসেছিলেন জুনায়েদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৭১ রান করে পেয়েছিলেন ম্যাচসেরার স্বীকৃতি। সেই জুনায়েদকে বাদ দিয়ে বিশ্বকাপের দলে কি না নেওয়া হলো ইমরুলকে! বিদেশি দলের বিপক্ষে যাঁর টি-টোয়েন্টি অভিজ্ঞতা বলতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হওয়া। কাল দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক রফিকুল আলম দিলেন এই বিস্ময়ের ব্যাখ্যা, ‘দীর্ঘ পরিসরের ক্রিকেটে জুনায়েদ সিদ্দিক এখন ভালো ফর্মে থাকলেও ফিল্ডিংয়ে সে অনেকটাই পিছিয়ে।’ আর টি-টোয়েন্টিতে অনভিজ্ঞ ইমরুলের দলে আসার কারণ, ‘ঘরোয়া প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পেছনে তার বড় অবদান। এ ছাড়া তামিমের সঙ্গে ইমরুলের ওপেনিং জুটিটা ভালো হচ্ছে এখন। ইমরুল ভালো ফিল্ডারও।’পারফরম্যান্স, ফিটনেস আর ভবিষ্যত্ সম্ভাবনা—দল নির্বাচনে এই তিনের ওপরই জোর দিয়েছেন নির্বাচকেরা। ইংল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জহুরুল ইসলাম সেই বিবেচনাতেই দলে, ‘অমি (জহুরুল) তৃতীয় ব্যাকআপ ওপেনার আর ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে আছে। ব্যাটসম্যান হিসেবে সে দারুণ সম্ভাবনাময়, হাতে অনেক জোর আছে।’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকেরা এ রকম সম্ভাবনা দেখেছিলেন শামসুর রহমান আর মোহাম্মদ মিঠুনের মধ্যেও। এক বছর পর সে ‘সম্ভাবনার’ পরিণতি, ৩০ জনের প্রাথমিক দলেও তাঁদের যেন রাখার জন্যই রাখা! প্রধান নির্বাচক অবশ্য এখনো আশাবাদী দুজনকে নিয়েই, ‘গতবার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে এসেছিল। এবার ততটা ভালো খেলেনি। তবে তাদের নিয়ে আমরা আশাবাদী। হয়তো ভবিষ্যতে আবার ভালো খেলে দলে আসবে।’ইনজুরির কারণে মাশরাফি দলে ফিরে ফিরেও ফিরতে পারছিলেন না পুরোপুরি। আর আশরাফুলকে বিশ্রামের আড়ালে বাদ দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড সফরের দল থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যে তাঁরা ফিরছেন, সেটা জানাই ছিল। তারপরও কাল আনুষ্ঠানিক ঘোষণায় রফিকুল আলম জানালেন, ‘কলকাতা নাইট রাইডার্সে নিয়মিত অনুশীলনের মধ্যে আছে মাশরাফি। খেলার জন্য সে ফিট। টি-টোয়েন্টি দলে তার উপস্থিতি দলের বোলিং এবং লোয়ার-অর্ডারের ব্যাটিং শক্তি বাড়াবে। আর আশরাফুল ম্যাচ উইনার, অতীত পারফরম্যান্সও ভালো। আশা করি, পিসিএল আর আসন্ন এনসিএল ভালো খেলে বিশ্বকাপে সে ফর্মে থাকবে।’ আশরাফুল-মাশরাফির মতো সুখবর আছে সৈয়দ রাসেলের জন্যও। ইনজুরির সঙ্গে নিত্য লড়াই করা এই পেসার আছেন বিশ্বকাপগামী দলে।পিসিএল আর এনসিএল থাকলেও এই দুই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে দল নির্বাচনের উপায় ছিল না নির্বাচকদের। আইসিসির কাছে দল পাঠিয়ে দেওয়ার শেষ দিন ছিল কালই। এখানেও অবশ্য ঘুরে-ফিরে আসে সেই একই ব্যাপার—পারফরম্যান্স দেখার কী আছে, বাংলাদেশের টি-টোয়েন্টি দল তো ওয়ানডে বা টেস্টের দলই! দল গঠন নীতির মতো বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটাও পুরোনো, দ্বিতীয় রাউন্ডে যাওয়া। ‘অস্ট্রেলিয়া-পাকিস্তান দুদলই শক্তিশালী। তবে বিশ্বকাপ এবার ওয়েস্ট ইন্ডিজে। ২০০৭ সালের বিশ্বকাপে সেখানে আমরা ভালো খেলেছি। এরপর ওয়েস্ট ইন্ডিজে গিয়েও সিরিজ জিতেছি। সেসবের সঙ্গে ভারত আর ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের আত্মবিশ্বাসও কাজে লাগবে আশা করি’—বললেন রফিকুল।টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ২৪ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।