টি-টোয়েন্টিতেও মেয়েদের হার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২-এ হার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে একই ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশকে ১৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী দল প্রথমে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ৮৫ রানে অল আউট হয়। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। সিদ্ধান্তটা যথার্থই ছিল। এর প্রমাণ, দক্ষিণ আফ্রিকার ইনিংস বেশি দূর এগোয়নি। গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। ডু প্রিজ একপ্রান্ত আগলে রেখে ৫০ রান না করলে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যেতে পারত আরও আগে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন আয়েশা আখতার ও খাদিজাতুল কুবরা। দুজনই শিকার করেন তিনটি করে উইকেট। এ ছাড়া লিলি দুটি ও রুমানা একটি উইকেট নেন।জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৬ রান। লক্ষটা কঠিন ছিল না মোটেই। তবে এ লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানেই লতা মণ্ডলের উইকেট হারায় বাংলাদেশ। এর পর যেন নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। একই সঙ্গে ব্যাটে রানও তেমন আসছিল না। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। কিন্তু মাত্র দুই রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ফারজানা হক।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ৮৫/১০ (১৯.৫ ওভার)বাংলাদেশ: ৬৯/৭ (২০ ওভার)ফল: দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী।সিরিজ: দক্ষিণ আফ্রিকা ২-১-এ জয়ী।