টি-টোয়েন্টিতেও সেই ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজটাও হার দিয়ে শুরু করল ইংল্যান্ড। কাল হোবার্টে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার প্রায় ‘অচেনা’ এক দলের কাছে ১৩ রানে হেরেছে ‘দুর্দশার’ সফরে থাকা ইংলিশরা। ওপেনার ক্যামেরন হোয়াইট (৪৩ বলে ৭৫) ও অ্যারন ফিঞ্চ (৩১ বলে ৫২) ১১ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়াকে এনে দেন ১০৬ রান। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই স্বাগতিকেরা ৪ উইকেটে করে ২১৩।
জিততে হলে ইংল্যান্ডকে ছুঁতে হতো টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ (২১৪) ইনিংস। কিন্তু ৫১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলা দলটি ৯ উইকেটে করতে পেরেছে ঠিক ২০০ রান। সেটাও হয়েছে পরাজয় একরকম নিশ্চিত হয়ে যাওয়ার পর রবি বোপারা-ঝড়ে। মাত্র ২৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকা এই অলরাউন্ডার মেরেছেন ৭টি ছয়। শেষ ওভারে দরকার ৩৮, জশ হ্যাজলউডের প্রথম বলটা ওয়াইড তো হলোই, এল ৫ রান। ৬ বলে ৩৩, তিনটি ছক্কা মেরেও ১৯ রানের বেশি নিতে পারলেন না বোপারা। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি মেলবোর্নে। ওয়েবসাইট।