টি-টোয়েন্টিতেও হার ভারতের
জয়যাত্রা অব্যাহত আছে ইংল্যান্ডের। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার একমাত্র টি-টোয়েন্টিতেও হারের স্বাদ পেতে হয়েছে সফরকারী ভারতকে। জয়ের সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত ৬ উইকেটের হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিশ্বকাপজয়ীদের।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওপেনার পার্থিব প্যাটেল দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিত্তি এনে দেন অভিষিক্ত আজিনকা রাহানে ও রাহুল দ্রাবিড়। স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হওয়ার আগে রাহানে খেলেছেন ৩৯ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস। দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে ৩১ রান। এরপর শেষদিকে সুরেশ রায়নার ১৯ বলে ৩৩ রানের ইনিংসটির সুবাদে ইংল্যান্ডকে ১৬৬ রানের টার্গেট দেয় ভারত।জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার আলেক্স হালসের উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে যায় স্বাগতিকরা। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন ক্রেইগ কিউইটার (১৮) ও কেভিন পিটারসেন (৩৩)। চতুর্থ উইকেটে ৭৩ রান সংগ্রহ করে জয়টা হাতের নাগালে নিয়ে আসেন মরগান ও রবি বোপারা। মরগান ৪৯ রান করে সাজঘরে ফিরলেও শেষপর্যন্ত ৩১ রান করে অপরাজিত থাকেন বোপারা। বাকি কাজটুকুও সামিত পাটেলকে (২৫) নিয়ে খুব সহজেই করে ফেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন তরুন ইংলিশ পেসার জেড ডার্নব্যাচ।