টি-টোয়েন্টির আপন হতে চান আমলা

টি-টোয়েন্টি আর হাশিম আমলাকে এক ফ্রেমে বাঁধা একটু কঠিন। সেটা শুধু ব্যাটিংয়ের ধরনের কারণে নয়। টি-টোয়েন্টি ব্যাটিং মানেই গেইল-ওয়ার্নার নয়। সাঙ্গাকারার মতো ব্যাটিং ব্যাকরণের অনুগত ছাত্র বা জয়াবর্ধনের মতো ব্যাটিং সৌন্দর্যের পূজারিরাও এখানে যথেষ্ট সফল। আমলা তো বরং জয়াবর্ধনের ঘরানার আরও পরিমার্জিত সংস্করণ! কিন্তু ব্যাটিংয়ের মতো ব্যক্তিজীবনেও আমলার সৌম্য ভাবমূর্তিটা আসলে ঠিক টি-টোয়েন্টির সঙ্গে কেমন বেমানান লাগে। তার পরও এই টি-টোয়েন্টিরই আপন হতে চাইছেন আমলা!
আমলা আর টি-টোয়েন্টির দূরত্বটা এখনো স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরিয়ান তিনি, টেস্ট ব্যাটিং-গড় ৫১.৩৫। ওয়ানডেতে বেশ কটি রেকর্ড গড়ে ফেলেছেন, ৮৫ ম্যাচেই সেঞ্চুরি ১২টি, গড় ৫৩.৩৪। দুটিতেই র্যাঙ্কিং শীর্ষে ছিলেন অনেক দিন। কিন্তু টেস্ট-ওয়ানডের এই মহিরুহ টি-টোয়েন্টিতে এখনো পায়ের তলায় মাটিই খুঁজে পাননি। ২১টি টি-টোয়েন্টি খেলেও ফিফটি নেই। ওয়ানডেতেই অনেক সময় যিনি টি-টোয়েন্টির গতিতে ব্যাটিং করেন, টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেটও আহামরি নয় (১১৮.৯১)। সব মিলিয়ে টি-টোয়েন্টি ঠিক যেন তাঁর আপন ভুবন নয়।
ব্যর্থতার জায়গাটি নিয়ে প্রশ্ন হওয়ার একটু কিন্তু ভ্রু কুঁচকে গেল না আমলার। চেনা সেই স্মিত হাসিতে জানালেন, এই মিশনেই এবার বাংলাদেশে এসেছেন, ‘আসলে ব্যাপারটা হলো অভিজ্ঞতার অভাব। টি-টোয়েন্টি আমি খুব বেশি খেলিনি। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, ঘরোয়া টি-টোয়েন্টিও বেশি খেলিনি। এখনো প্রতিটি টি-টোয়েন্টিতেই অনেক কিছু শিখছি। এই সংস্করণটাই এমন যে একবার রান পেয়ে গেলে, খেলার গতিটা ধরতে পারলেই হয়ে যায়। আশা করি, এই টুর্নামেন্টেই আমি টি-টোয়েন্টির গতির রথে যাত্রী হতে পারব।’
আমলার দাবিটা অবশ্য ঠিকই। ৭৬ টেস্ট ও ৮৫ ওয়ানডে খেলা ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২১টি। এর বাইরে ঘরোয়া আর অন্যান্য মিলিয়ে মোটে ৩৮টি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের এই রমরমা বাজারেও দেশের বাইরের কোনো লিগে কখনো খেলেননি। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটাই তাঁর মনে ধরেছে খুব বেশি দিন হয়নি, ‘আমি আসলে টি-টোয়েন্টি নিয়ে সিরিয়াস হয়েছি গত বছর থেকে। টি-টোয়েন্টির রোমাঞ্চটা আমাকে টেনেছে, এই বিশ্বকাপটাও মাথায় ছিল। টেস্ট ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ভালো কিছু করার আকাঙ্ক্ষা এখন আমার তীব্র।’
তাই এই ৩১ ছুঁই-ছুঁই বয়সে, ক্রিকেট-বিশ্বের সব কন্ডিশনে, সব বোলিং আক্রমণকে শাসন করার পর আমলাকে ছুঁয়ে যাচ্ছে নতুন চ্যালেঞ্জের রোমাঞ্চ, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। টি-টোয়েন্টি দারুণ রোমাঞ্চকর ক্রিকেট, এই রোমাঞ্চটাই আমাকে মূলত টেনেছে।’
আমলার মনোবাসনায় আঁতকে উঠতে পারেন ব্যাটিং-সৌন্দর্যপিয়াসী অনেকেই। যাঁর একেকটি ইনিংসে মানেই নিখুঁত একেকটি শিল্পকর্ম, প্রতিটি শটই যাঁর শিল্পীর তুলির আঁচড়, ব্যাট হাতে যিনি বলে ছুঁইয়ে দেন রেশমি পেলব, টি-টোয়েন্টির থাবায় তাঁর ব্যাটেও তো ভর করতে পারে গা-জোয়ারি দানব! তবে আমলা আশ্বস্তই করলেন, ‘খুব বড় কোনো পরিবর্তন তো করছি না। হয়তো ঝুঁকিপূর্ণ শট দু-একটি বেশি খেলতে হবে বা মাঝেমধ্যে উদ্ভাবনী কিছু। কিন্তু মৌলিক ব্যাপারগুলো তো একই, টি-টোয়েন্টিতেও আমি নিজের মতোই খেলব।’
সত্যিই সেটা হলে দারুণ হবে। টি-টোয়েন্টির গতি আর রোমাঞ্চের সঙ্গে আমলার ব্যাটিং-সৌন্দর্য মিলে গেলে তার চেয়ে দৃষ্টিনন্দন আর কী হতে পারে!