টি-টোয়েন্টির আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছন্দোবদ্ধ না-হলে ছড়াসাহিত্য যেমনটি মার খায়, ঠিক সে রকমই হচ্ছে টি-টোয়েন্টির ছোটখাটো ইনিংস; সীমিত পরিসরের ম্যাচ। ছক্কা-পোক্কার জাতবংশ।
বড্ড বেশি মায়াময়, মারদাঙ্গা—ক্রিকেটের এই ফরম্যাটটি।
টি-টোয়েন্টি উপভোগের প্রথম শর্ত হচ্ছে ব্যাটসম্যানদের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি: কে বোলার, সেটা একেবারে গৌণ ব্যাপার। কোন কৌশলে বোলিং করছেন, কীভাবে ফিল্ডিং সাজিয়েছেন, সেটাও হিসাববহির্ভূত। মূল কাজটি হচ্ছে বলকে সীমানার বাইরে পাঠানো। তবে সব খেলার মতো টি-টোয়েন্টিরও রয়েছে প্রায়োগিকযোগ্য সতর্কতা। সাবধানী না হলে জীবনের সব লক্ষ্যই যেখানে নষ্টভ্রষ্ট, নিরর্থক ও বিভ্রান্তিকর, ঠিক তেমনটিই। এই সাবধানী ইঙ্গিত নিয়েও ওভারপ্রতি ৮-১০ রানের গড় তাগিদটা টি-টোয়েন্টির জন্য বড়ই জরুরি। আবার ওভারপ্রতি গড়ে মাত্র ৪-৫ রানের হাতকড়া পরাতে পারাটাও কম কৃতিত্বের নয়। ব্যাটসম্যানকে চোরাবালিতে আটকানোটা বোলারের জন্যও হয়ে ওঠে দারুণ এক রসদ, যেন যুদ্ধজয়ের সফল মারণাস্ত্র।
—সে অর্থে, প্রতিটি ডট বল আর মেডেন ওভার পেলে একদিকে বোলারের যেমন পোয়াবারো, অন্যদিকে সাজঘরে সবার রক্তচাপ বেড়ে যায়। টি-টোয়েন্টি নিজেই নিজের কাছে অপদস্থ: কী-এক লক্কড়ঝক্কড় ম্যাচ! সুন্দরী সাজের রমণীরা থুতনিতে আঙুল ঠেকিয়ে বসে আছে, কখন গ্যালারিতে তুফান উঠবে, কখন ঊরু-ভুরু নাচিয়ে শরীর দুলিয়ে নাচবে! অমন শান্তশিষ্ট বসে থাকলে লেনদেনে না ঘাটতি পড়ে যায়। মনে হয়, এর চেয়ে মরণ ভালো আটকে থাকা দীর্ঘ কষ্টজটে বিষ পান করছে ওভারগুলো, ‘প্রতীক্ষা’ শব্দটিও ‘অপেক্ষা’র কাছে হেরে যায়। ছি এরই নাম টি-টোয়েন্টি? এ তো দেখি ভরদুপুরের মেঠোরোদে বুনো বৃষ্টিপাত! দর্শকের তপ্ত কণ্ঠ শুকোতে শুকোতে বলে, গুল্লি মারি ক্রিকেটের! বুকি-জুয়াড়িরাও ক্ষিপ্ত আপন ধান্দায়! চার শ/সাড়ে চার শ ওভার থেকে চল্লিশ ওভারে নামিয়ে এনেও জিবে অরুচি। এর চেয়ে বিয়ারের ক্যান ছুড়ে গ্যালারিতে কাণ্ড ঘটানোই ভালো।
দুশ্চিন্তায় সাদা-হতে-থাকা জামা-ট্রাউজারে বারবার চোখ রাখছে ক্রুদ্ধ ব্যাটসম্যান; টেলিভিশনের এই নাকি চাপাবাজি: স্রেফ এক ওভার, ব্যস্, বদল জায়গা দুনিয়া! পৃথিবী বদলে যাবে এক ওভারে। ফিল্ডাররা হাসছেন? হাসবেনই তো! ব্যাটসম্যানদের এভাবে ‘হ্যান্ডকাফ’ পরানো কম কথা নয়।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ...না, কেউ ফেবারিট নয়। ২০ ওভারের নর্তন-কুর্দনে কে যে কার কাছে আছাড় খায়, বলা দায়!
আমাদের সাকিব-তামিম-মুশফিকদের জন্য এটাই চমৎকার সুযোগ: কিছু একটা করে দেখানোর। এ ছাড়া ‘স্বাগতিক’ শব্দটির প্রতি সুবিচার হবে না। এই বাংলাদেশ কাকে হারায়নি? এটা সত্য যে বিজয়ের ধারাবাহিকতা রক্ষায় আমরা তুলনায় একেবারেই দীনহীন। মাত্র বছর দু-তিন আগেও আমাদের দলটি ক্যারিবীয়দের হারিয়েছিল ওদের মাটিতে। ‘গেল-গেল’ বলতে আমরা জেগে উঠেছিলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই তো সেদিন। সেই দৃশ্যপট, সেই আসনখানি একেবারেই চিত হয়ে আছে আজ। কেউ গাইছে গতরে সুড়সুড়ি দিয়ে:
দিন এভাবেই বদলায়, সময়কে পুঁজি করে বদলায় মানুষও।
মুখে মৃদু হাসি টেনে ভাবি: আমিও বদলে গেছি। ভীষণ জরুরি একটা কথা বলতে গিয়ে থমকে যাই। মিথ্যে, বড় বেশি মিথ্যে মনে হয় নিজেকে।
এসো-না ঘুরে দাঁড়াই, ঝেড়ে নিয়ে সব ভয়ভীতি
এসো-না কয়েকটি ম্যাচ আবারও জিতি।
একটু শুধু শিখি—কোন বল ছাড়তে হয়, কোন বল মারতে হয়। কীভাবে লাইন/লেংথ ঠিক রাখতে হয়।