টি-টোয়েন্টির আয়োজক হতে চায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প আয়োজক হতে চায় শ্রীলঙ্কা। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আর ১৬ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এ দুটো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানা গুঞ্জন ভাসছে বাতাসে। প্রতিবেশী দেশগুলো সেটিরই সুযোগ নিতে চাচ্ছে কি না, সেটি এখনো পরিষ্কার নয়। তবে কাল কলম্বোয় শুরু হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিষয়টি যে গুরুত্বের সঙ্গেই আলোচনা হবে, এটি পরিষ্কার।

শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গে বিকল্প আয়োজক প্রসঙ্গে বলেন, ‘যদি এসিসি বিকল্প ভেন্যু খোঁজে, সে ক্ষেত্রে আমরা আয়োজক হতে প্রস্তুত রয়েছি। স্বল্প সময়ের মধ্যে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে যথেষ্ট মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা আমাদের আছে। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে বললেও আমরা প্রস্তুত।’

এদিকে চলতি মাসে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। ওই সিরিজ প্রসঙ্গেও রানাতুঙ্গার বক্তব্য, ‘আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। নিরাপত্তার নিশ্চয়তা অনুসরণ করা হবে। আশা করি শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’ ওয়েবসাইট