টি-টোয়েন্টির উত্থানে দুর্নীতির শঙ্কা
২০০৩ সালে ক্রিকেট জগতকে একটি নতুন সংস্করণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ইংল্যান্ড। সাড়ে তিন ঘণ্টার উত্তেজনাপূর্ণ ব্যাট-বলের লড়াই। ২০ ওভারের টি-টোয়েন্টি ক্রিকেট। শুরুর দিকে খানিকটা সমালোচনা-প্রতিকূলতার মধ্যে পড়লেও অচিরেই জনপ্রিয়তার দিক দিয়ে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে এই ২০ ওভার ফরম্যাটের ক্রিকেট। এখন বিশ্বের প্রায় সব কটি ক্রিকেট খেলুড়ে দেশই আয়োজন করছে তাদের নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। আয়োজিত হচ্ছে সেই শীর্ষ ঘরোয়া ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই; চ্যাম্পিয়নস লিগ। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণের উত্থানের সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্নীতির আশঙ্কা। এ ধরনের ক্রিকেটে ম্যাচ গড়াপেটা করার সুযোগ অনেক বেড়ে যাচ্ছে এবং ক্রিকেট অঙ্গন ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।২০০৩ সালে ২০ ওভারের ক্রিকেটের ধারণা জন্ম নেওয়ার তিন বছরের মাথায়ই বেশ জনপ্রিয়তা অর্জন করে সংক্ষিপ্ত ফরম্যাটের এই খেলা। ২০০৬ সাল নাগাদ দেখা যায়, সব কটি ক্রিকেট খেলুড়ে দেশই বেশ সাদরে গ্রহণ করেছে এই সংক্ষিপ্ত সংস্করণটি। ২০০৭ সালে আইসিসি প্রথমবারের মতো আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি আসর। ২০০৮ সালে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (আইপিএল) চালু হওয়ার পর ব্যাপক বেড়ে যায় টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা। বিপুলসংখ্যক সমর্থক, নতুন নতুন সম্প্রচার চুক্তি ও স্পনসরশিপ চুক্তিতে ফুলে-ফেঁপে ওঠে ক্রিকেট-বাণিজ্য। আর এ সবকিছুর সঙ্গে খেলাটির ওপর নেতিবাচক প্রভাবটাও বাড়তে থাকে সমান গতিতে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই জনপ্রিয়তায় আকৃষ্ট হয় বেআইনি জুয়াড়ি গোষ্ঠীও। বাড়তে থাকে ম্যাচ পাতানো, স্পট-ফিক্সিংয়ের সম্ভাবনা। এই মাসেরই শুরুতে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে টাকার বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি ছিলেন পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ছয় আম্পায়ার। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ভারতের একটি টেলিভিশন চ্যানেল। এর আগে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ পাতানোর ইঙ্গিত ও প্রমাণ পাওয়া গেছে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে।আইপিএলের মাধ্যমেই মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্নীতির ব্যাপারটি ঢুকে পড়ে। ক্রিকইনফোর লেখক শ্রদ্ধা উগরা লিখেছেন, ‘ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো শুধু বিপুল পরিমাণ দর্শক, বিজ্ঞাপনদাতা ও টেলিভিশন থেকেই মুনাফা করছে না, তারা একটা অদমনীয় আকর্ষণ গড়ে তুলছে জুয়াড়ি গোষ্ঠীদের জন্যও। আর তারা এখান থেকে নিজেদের কখনোই সরিয়ে নিতে চাইবে না।’ ২০০৮ ও ২০০৯ সালের প্রথম দুটি সংস্করণে আইপিএলে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে কোনো ম্যাচ পর্যবেক্ষণ করা থেকে বিরত রেখেছিল আইপিএল কর্তৃপক্ষ। সে সময় জায়গাটা ম্যাচ ফিক্সারদের স্বর্গে পরিণত হয়েছিল বলে আশঙ্কা ক্রিকেট বিশেষজ্ঞদের। তৃতীয় আসর থেকে আইসিসি এখানে প্রবেশের সুযোগ পেলেও থেমে যায়নি অবৈধ অর্থের ঝনঝনানি। এবারের শেষ আসরেও ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। এ বছরের শুরুতে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কালো ছায়া পড়ে ম্যাচ ফিক্সিংয়ের। বাংলাদেশের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে এক পাকিস্তানি জুয়াড়িকে। এ ঘটনায় একটি ফ্র্যাঞ্চাইজিতে খেলা পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের সংশ্লিষ্টতাও খুঁজে পায় তারা। তবে দুই-একটি ঘটনা প্রকাশ পেলেও বেশির ভাগ ঘটনাই চোখের আড়ালে থেকে যাচ্ছে বলে ধারণা উপমহাদেশের বিশিষ্ট ক্রীড়ালেখক শ্রদ্ধা উগড়ার। তিনি বলেছেন, ‘ক্রিকেট অঙ্গনের সততা নিশ্চিত করতে গেলে আমাদের প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। কয়েক মাস পরপর শুধু কিছু টেলিভিশন ভিডিও দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করাটাই যথেষ্ট নয়। এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে প্রতিটি দিন।’