২০১০ সালের মে মাসে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দুই বছরে বাংলাদেশ দল যে আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, তার ছয়টিই গত মাসে
টি-টোয়েন্টির দীর্ঘ যাত্রায় বাংলাদেশ
সবাই আসেননি। মাশরাফি বিন মুর্তজা আর নাজমুল হোসেন ঈদের ছুটির সঙ্গে এক দিন করে ছুটি নিয়েছেন। আর এসএলপিএলে যাওয়া ক্রিকেটাররা তো দেশেই নেই। বাকিদের নিয়ে কাল আবার মিরপুরে অনুশীলনে নামলেন রিচার্ড পাইবাস। অনুশীলন চলবে ২৯ আগস্ট পর্যন্ত।বৃহত্তর লক্ষ্য শ্রীলঙ্কায় ১৮ সেপ্টেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ৩১ আগস্ট রাতে বিসিবি একাদশ নামের আড়ালে বিশ্বকাপের বাংলাদেশ দলই ত্রিনিদাদে যাবে ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত টি-টোয়েন্টি লিগ খেলতে।মাশরাফি, নাজমুলের আজ অনুশীলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষভাগের অনুশীলনে যোগ দিচ্ছেন না এসএলপিএলে যাওয়া অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও নাসির হোসেন। তবে সর্বশেষ যা খবর, তাতে এই ক্রিকেটাররা দেশে ফিরে দলের সঙ্গেই যাবেন ত্রিনিদাদে।কোচ রিচার্ড পাইবাস প্রথমে শর্ত দিয়েছিলেন, এসএলপিএলে গেলেও ক্রিকেটারদের অবশ্যই ২৫ আগস্টের (গতকাল) মধ্যে দেশে ফিরে ঈদের পরের অনুশীলনে যোগ দিতে হবে। পরে তিনি নিজেই শর্ত শিথিল করেন। পুরো টুর্নামেন্ট খেলে আসতে পারবেন মুশফিক-তামিমরা। কারও দল ৩১ আগস্টের ফাইনালে উঠলে সেই ম্যাচও। সে ক্ষেত্রে ওই খেলোয়াড় শ্রীলঙ্কা থেকে গিয়ে যোগ দেবেন দলের সঙ্গে। যদিও কোচের দেওয়া এই স্বাধীনতা ভোগ করতে চাইছেন না ক্রিকেটাররা। ম্যানেজার তানজীব আহসান জানিয়েছেন, জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম সবাইকে নিয়ে ঢাকা থেকেই উড়তে চান ত্রিনিদাদের উদ্দেশে, ‘৩০ আগস্টের মধ্যে দেশে ফিরে ওরাও দলের সঙ্গেই ত্রিনিদাদে যাবে। শ্রীলঙ্কায় সবাই যার যার দলকে এটা বলে দিয়েছে। কারও দল ফাইনালে উঠলেও সে ফাইনাল খেলবে না। ঢাকায় গোছগাছের ব্যাপার আছে। তা ছাড়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকও এটাই চাচ্ছে।’ঢাকা থেকে দুবাই-লন্ডন-বারবাডোজ হয়ে ত্রিনিদাদ, অনেক লম্বা সফর। তার চেয়েও লম্বা বোধহয় বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি যাত্রা। ২০১০ সালের মে মাসে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দুই বছরে বাংলাদেশ দল যে আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, তার ছয়টিই গত মাসে। এই ম্যাচগুলো ছাড়া গত জুনে জিম্বাবুয়েতে ‘আনঅফিশিয়াল’ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে চারটি। এবার ত্রিনিদাদে গিয়ে স্বাগতিক ত্রিনিদাদ, বারবাডোজ ও আফগানিস্তানের সঙ্গে খেলবে আরও তিনটি ম্যাচ, আছে একটি প্রস্তুতি ম্যাচও।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশি বেশি ম্যাচ অনুশীলনের সুযোগটাকে খেলোয়াড়েরা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা বাংলাদেশি ক্রিকেটারদের কম। বিশ্বকাপ-পরীক্ষার আগে যদি সেই দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, মন্দ কি? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল অনুশীলন শেষে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকও বললেন, ‘আমাদের টি-টোয়েন্টি খেলার অভ্যাস নেই। আমরা যে র্যাঙ্কিংয়ে ছিলাম না, এটার কারণও খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ না খেলা। টি-টোয়েন্টি ভিন্ন ধরনের ক্রিকেট। যত খেলব ততই আমি জানতে পারব কীভাবে বল করলে ভালো হবে। আরেকজন জানবে কীভাবে ব্যাটিং করলে বা পেস বোলিং করলে ভালো হবে।’ অনভ্যাসের কারণে জানা ব্যাপারগুলোও টি-টোয়েন্টি ক্রিকেটে গুবলেট হয়ে যায়, বললেন রাজ্জাক, ‘আমাদের হয়তো স্কিল আছে, কিন্তু অভ্যাস না থাকলে অনেক সময় বোঝার সমস্যার কারণে ভুল হয়ে যায়।’বিশ্বকাপের আগে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অনভ্যস্ততা ঘুচবে, এমনটাই বিশ্বাস বাঁহাতি এই স্পিনারের। ত্রিনিদাদ সফরে জয়ের আশাই করছেন রাজ্জাক, ‘আমাদের সব সময় জেতারই টার্গেট থাকে। এবারও তা-ই থাকবে। হারার কথা আমি চিন্তা করতে পারি না।’