টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। ঘরের মাঠে গতকাল রাতে হেরেই ঘোষণাটা দিয়ে ফেললেন মাহেলা জয়াবর্ধনে। জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আর থাকছেন না তিনি। তবে অধিনায়কত্ব ছাড়লেও টি-টোয়েন্টি খেলে যাবেন তারকা এই ব্যাটসম্যান।‘প্রতিযোগিতা শুরুর আগেই নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম আমি। জানিয়েছিলাম, এই বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ব।’ বলেছেন জয়াবর্ধনে।নেতৃত্ব ছাড়ার কারণ সম্পর্কে ৩৫ বছর বয়সী জয়াবর্ধনে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দলে তরুণ নেতৃত্ব প্রয়োজন। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু করাটা বড় সুযোগ। আমি নির্বাচকদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তাঁরা আমার ইচ্ছায় সন্তুষ্ট।’টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্ব অবশ্য ছাড়ছেন না জয়াবর্ধনে। তবে সেটা তিনি খুব বেশি দিন চালিয়ে যাবেন বলে মনে হয় না। আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে শ্রীলঙ্কা। জয়াবর্ধনে জানিয়েছেন, অন্তত ওই সফর পর্যন্ত টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন তিনি। ‘অস্ট্রেলিয়া সফর পর্যন্ত আমি দায়িত্ব নিয়েছি। তাই এর পর মূল্যায়ন করব, আমার কী করা উচিত।’ বলেছেন জয়াবর্ধনে।২০০৯ সালে সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছাড়েন জয়াবর্ধনে। কিন্তু তিলকরত্নে দিলশান অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলে এ বছরের জানুয়ারিতে আবারও দায়িত্ব কাঁধে তুলে নেন জয়াবর্ধনে। দিলশান ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দেন কুমার সাঙ্গাকারা। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন লঙ্কান এই উইকেটরক্ষক। সূত্র: বিবিসি।