টি-টোয়েন্টির মঞ্চে এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে নাচের ভঙ্গি সাকিবের, দেখে হাসি চেপে রাখতে পারলেন না আল আমিন। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । ছবি: শামসুল হক
অনুশীলনে নাচের ভঙ্গি সাকিবের, দেখে হাসি চেপে রাখতে পারলেন না আল আমিন। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । ছবি: শামসুল হক

ঘোষণাটা কাল ড্রেসিংরুমেই দিয়ে দিলেন কোচ শেন জার্গেনসেন। অনুশীলন শেষে দেওয়া ঘোষণার সারমর্ম—সবাই প্রস্তুত থাকো।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারো যে কেউ।
এমন কোনো চমকে দেওয়ার মতো ঘোষণা নয়। কোচ না বললেও প্রথম একাদশে যে দলের ১৫ জনের মধ্যেই ১১ জন থাকবেন, সে তো জানা কথাই। কাল সন্ধ্যায় ১১ জন ঠিক করতে টিম ম্যানেজমেন্টের সভা বসলেও সে সভায় দল ঠিক হয়নি বলেই খবর। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বোঝাতে চাইলেন, ঘাড়ে সমস্যার কারণে তামিম ইকবালের প্রথম ম্যাচে খেলার ব্যাপারে কিছুটা হলেও সংশয় আছে। একাদশ নিয়ে সিদ্ধান্তটা সে কারণেই নাকি নেওয়া হবে আজ সকালে। অবশ্য দলের একাধিক সূত্রের তথ্য, তামিমের খেলার সম্ভাবনাই বেশি।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। বাংলাদেশ আছে দশ নম্বরে। তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ এবং তলানির দিকে থাকা দুই দলের জন্যই আজ থেকে শুরু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা হয়ে আসছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পোশাকি মহড়া হিসেবে। বিশ্বকাপে প্রথম পর্বের তিন ম্যাচের দুটিই বাংলাদেশ খেলবে চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর দ্বিতীয় পর্বে শ্রীলঙ্কা দলের গ্রুপে নিজেদের চারটি ম্যাচই তো এখানে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দিনেশ চান্ডিমালকে আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সে কারণেই বেশি রোমাঞ্চিত মনে হলো। কাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য আসলেই খুব ভালো একটা সুযোগ। বিশ্বকাপ ভেন্যুতে দুটো ম্যাচ খেলব আমরা। সুবিধাটা ভালোভাবে কাজে লাগাতে চাই।’ তবে চান্ডিমালের জন্য দুঃসংবাদ, কাল সন্ধ্যায় ক্যাচ অনুশীলন করতে গিয়ে ডান হাতের কড়ে আঙুল ও অনামিকার মাঝবরাবর ফেটে গেছে দলের অন্যতম ব্যাটিং ভরসা মাহেলা জয়াবর্ধনের। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নগরের মেট্রোপলিটন হাসপাতালে। হাতে তিনটি সেলাই পড়েছে। আজ খেলতে পারবেন কি না, এ নিয়ে তাই সংশয় আছে।
বাংলাদেশ দলের জন্য চট্টগ্রাম নতুন কোনো ভেন্যু নয়। তার পরও মাঠের ঘাস-মাটির সঙ্গে টি-টোয়েন্টির অভ্যস্ততা গড়ে তোলার ব্যাপার তো থাকেই। বিশেষ করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাথায়ও আছে সেটা। তবে টি-টোয়েন্টি ম্যাচে কন্ডিশনটাকে খুব বড় কোনো ব্যাপার মনে হয় না তাঁর কাছে, ‘কন্ডিশন আসলে এত গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে খেলাটা যখন টি-টোয়েন্টি। কতক্ষণেরই বা খেলা!’
টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে মাশরাফির দর্শন বরাবরই এ রকম। কখনো কখনো তো এটাকে খেলাই মনে হয় না তাঁর কাছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই দুটি ম্যাচকে অন্তত গুরুত্ব না দিয়ে উপায় নেই টি-টোয়েন্টিবিরোধী মাশরাফিরও। আঙুলের চোটের কারণে মুশফিকুর রহিম দলের বাইরে থাকায় এই দুই ম্যাচের জন্য তাঁকেই অধিনায়ক মনোনীত করেছে বিসিবি। মাশরাফিকে অধিনায়ক মানতে তামিমের আপত্তি থাকার কথা নয়। কিন্তু সহ-অধিনায়ক হওয়ার পরও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বটা না পাওয়ায় স্বাভাবিকভাবেই মনঃক্ষুণ্ন তিনি। সে জন্য সহ-অধিনায়কের পদ থেকে পদত্যাগও করেছেন। অধিনায়কত্ব নিয়ে বিসিবির এই ‘খেলা’ দলের মধ্যে অস্বস্তিকর এক পরিস্থিতির সৃষ্টি করেছিল। তবে মাশরাফি কাল বারবারই বললেন, দলে সে রকম কোনো সমস্যাই নেই।
বাংলাদেশ দল টেস্ট ম্যাচ ড্র করার সাফল্য পেতে শুরু করেছে। ওয়ানডেতে তো নিজেদের দিনে হারিয়ে দিচ্ছে যেকোনো দলকেই। সে তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যটা বোধ হয় একটু কমই। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখনো জয় মাত্র ৯টিতে, বাকি ২২টিতেই হার। তবে পরিসংখ্যানের দিকে না তাকিয়ে আজ জয়ের জন্য মাঠে নামার ঘোষণাই দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘আমরা জেতার জন্যই খেলব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে জিততে চাই।’ আর এই লক্ষ্য পূরণে চট্টগ্রামের দর্শকদেরও সমর্থন চান অধিনায়ক, ‘দর্শকেরা সমর্থন দিলে আমরা সবদিক থেকে উজ্জীবিত হতে পারব।’
মাশরাফি যেমন দর্শকদের সমর্থন চান, চট্টগ্রামের দর্শকেরাও ‘লাকি গ্রাউন্ডে’ জয় উপহার চাইলে দোষ কি! তা ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে আতিথেয়তা দিতে গিয়ে চট্টগ্রামবাসীকে প্রতিদিনই পড়তে হচ্ছে যানজটের বিড়ম্বনায়। খেলোয়াড়দের আসা-যাওয়ার সময় হোটেল পেনিনসুলা থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কে থাকে ভিভিআইপি নিরাপত্তাব্যবস্থা। বাস ছাড়ার এক-দেড় ঘণ্টা আগে থেকেই আশপাশের সব রাস্তা আটকে খেলোয়াড়দের যাওয়া-আসার পথ যানজটমুক্ত রাখা হয়। পরিণতিতে যানজটে আটকে থাকে সাধারণ মানুষ। খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্যও শোনা যায় তখন অনেকের মুখে। তবে এটা নিশ্চিত করেই বলা যায়, টি-টোয়েন্টিতে জয় পেলে সেই ভোগান্তিও ভুলে যাবে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী মানুষ।