টি-টোয়েন্টির 'বুড়োখোকা'রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড হগ, ৪৪ বছর বয়সেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট
ব্র্যাড হগ, ৪৪ বছর বয়সেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট

১৯৩০ সালে উইলফ্রেড রোডস যখন শেষ টেস্টটি খেলতে নামেন, তাঁর বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন! ৫০ পেরিয়েও টেস্ট খেলে যাওয়ার রেকর্ড আছে আরও তিনটি। এমনকি খেলা ছেড়ে যে বয়সে মানুষ কোচিং বা আম্পায়ারিংয়ে মন দেন, সেই ৪৯ বছর বয়সে টেস্টে অভিষেকের ঘটনাও আছে ইতিহাসে।
তবে এ সবই ঐতিহাসিক ঘটনা, ঘটে গেছে গত শতাব্দীর প্রথম অর্ধেকেই যখন ক্রিকেটারদের কাছে খেলাটা পেশার চেয়ে বেশি ভালোবাসার বিষয়। এবং যার বেশির ভাগই ঘটেছে টেস্ট ক্রিকেটে, যেখানে গতির চেয়ে স্থিতিই কাম্য। তাই বলে এই আধুনিক যুগের পেশাদার ক্রিকেটেও বুড়োদের জয়গান? তা-ও আবার নবীনতম সংস্করণ টি-২০ ক্রিকেটে? যেখানে ব্যাকরণের চেয়ে অকারণ চার-ছক্কার হইহই, শৈল্পিক-ধ্রুপদি ক্রিকেটের চেয়ে গতিশীল-তাণ্ডবময় ক্রিকেটই বেশি প্রত্যাশিত।
যাঁরা বলেন, ২০ ওভারের নতুন এই ক্রিকেট কেবল ২০-এর ঘরের ‘ছোকরাদের’ জন্য, তাঁদের ভুল প্রমাণ করে ৪০-এর আশপাশের ’বুড়ো’রাও দিব্যি খেলেছেন টি-টোয়েন্টি। সনাত্ জয়াসুরিয়া যখন শেষ ম্যাচটি খেলেন, তখন তাঁর বয়স প্রায় ৪২ বছর, ৪১ বছর ১১৬ দিনে খেলেছেন কানাডার সুনিল ধানিরাম। কানাডার জন ডেভিসন বা আয়ারল্যান্ডের ট্রেন্ট জনস্টনরা খেলেছেন ৩৯ পার করেও, রাহুল দ্রাবিড় শেষ ম্যাচটি খেলেন ৩৮ বছর ২৩২ দিনে।
তবে এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন ’বুড়োখোকা’ অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ। এ বছরের ১২ মার্চ দক্ষিণ আফ্রকার সাথে দ্বিতীয় টি-২০ ম্যাচটি যখন খেলতে নামেন, তখন তাঁর বয়স ৪৩ বছর ৩৪ দিন। হগ পেছনে ফেলে দেন গত বছরের নভেম্বরে এই বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলা কেনিয়ার স্টিভ টিকোলোর ৪২ বছর ১৫৪ দিনের রেকর্ডকে। এবারের অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকা হগ নিশ্চিতভাবেই এই রেকর্ডকে নিয়ে যাবেন আরও  দূরস্পর্শ উচ্চতায়।

তবে ৪৩ বছর বয়স নিয়েও খুব একটা স্বস্তিতে নেই হগ। বয়সে ২৬ দিনের ছোট হংকংয়ের মুনির দার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তাঁর। এই বিশ্বকাপেই ৪০ পেরোনো খেলোয়াড় আছে আরও দুজন—মুনির দারের সতীর্থ হংকংয়ের নাজিব আমর এবং সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক খুররম খান।

তিন ‘ব্র্যাড’—হগ (৪৩), হজ (৩৯) আর হ্যাডিনদের (৩৬) নিয়ে গড়া অস্ট্রেলিয়া স্কোয়াড, মোট বয়স ৪৪৫ আর গড় বয়স প্রায় ৩০ নিয়ে এবারের আসরে দলগতভাবে সবচেয়ে বুড়ো দল। অস্ট্রেলিয়ার পরেই আছে দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনেদের নিয়ে গড়া শ্রীলঙ্কা। মাঝে সংযুক্ত আরব আমিরাতকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান আছে যথাক্রমে চার এবং পাঁচে। টি-টোয়েন্টি যে কেবল খোকাদের খেলা নয়, তা প্রমাণ করতেই যেন ’বয়োজ্যেষ্ঠ’ পাঁচ দলের চারটিই এবারের শিরোপার অন্যতম দাবিদার।

অপরদিকে মোট বয়স মাত্র ৩৩৮ আর প্রায় ২২ বছর ৬ মাসের গড় বয়স নিয়ে আসরের তরুণতম দল নেপাল। ২৫-এর কিছু কম গড় বয়স নিয়ে নেপালের পরই বাংলাদেশের অবস্থান। আর ২৫-এর কিছু বেশি গড় নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। ৩১ বছর বয়সী আবদুর রাজ্জাক বাংলাদেশের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। এর পরই আছেন ৩০ বছরের মাশরাফি। ২১ বছরের এনামুল হক বয়সে দলের কনিষ্ঠতম সদস্য। ২২ বছর বয়স নিয়ে নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, সাব্বির রহমানেরা আছেন ঠিক পরেই।

১৬ দলের পনের জনের স্কোয়াডের মোট ২৪০ জন খেলোয়াড়ের মধ্যে ৩০ বা তদূর্ধ্ব বয়সের খেলোয়াড়ই আছেন ৭০ জন, যাঁদের মধ্যে ৩৯ বছরের বুড়ো হজ, ৩৭ বছরের বছরের তিলকারাত্নে দিলশান, ৩৬ বছর বয়সের কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাঈদ আজমলরা বা ৩৪ বছরের ক্রিস গেইল কিংবা শহীদ আফ্রিদিরা আসরের সেরা খেলোয়াড় হয়ে গেলে অবাক হবার কিছু নেই। লাসিথ মালিঙ্গা, ডেল স্টেইন, যুবরাজ সিং, মোহাম্মাদ হাফিজ, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, ব্রেন্ডন ম্যাককুলামরাও ৩০ পেরিয়েছেন বেশ আগেই।

টি-টোয়েন্টি কিন্তু বুড়োখোকাদেরও খেলা!