টি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও ১০ লাখ ডলার
১৯৯৬ বিশ্বকাপটাই একমাত্র সুখস্মৃতি। এর আগে-পরে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি শ্রীলঙ্কা। অথচ ফাইনাল তো কম খেলেনি, শেষ দুই বিশ্বকাপের ফাইনালেও পরাজয় জুটেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও লঙ্কানদের জন্য সেই ‘এত কাছে, তবু এত দূর’ হাহাকার। ২০০৯ ফাইনালে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে, গতবার নিজেদের মাঠেই ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়।
আরও একবার ফাইনালে শ্রীলঙ্কা। পরশু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও শিরোপার সুবাস পাচ্ছে। এবারও কি আফসোসই সঙ্গী হবে? লঙ্কান বোর্ড চায় না এবারও আফসোস নিয়ে ফিরুক ক্রিকেট দল। এসএলসি আগেই ঘোষণা দিয়েছিল টুর্নামেন্ট জিতলে দল পাবে ৫ লাখ ডলার। ফাইনালে ওঠার পর দিয়েছে নতুন ঘোষণা, জিততে পারলে পুরস্কারের অঙ্কটা আরও ১০ লাখ ডলার বাড়বে। কাল এক জরুরি বৈঠকের পর এই ঘোষণা দিয়েছে বোর্ড। এএফপি।
সাফল্যের রহস্য
মেয়েদের আগের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুবারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো এবারও উঠে গেছে ফাইনালে। টি-টোয়েন্টিতে অসি মেয়েদের এই সাফল্যের রহস্য কী? অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং বললেন, উদ্ভাবনী ট্যাকটিকস এবং খেলার স্টাইলই মাঠে তাঁদের সাফল্য বয়ে আনছে। হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বিভোর ল্যানিং আগামীকাল ফাইনালেও প্রয়োগ করতে চান আলাদা কৌশল, ‘ভিন্ন কিছু করার চেষ্টা করতে হবে।’ শুরুটা নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে হলেও গ্রুপপর্বে পরের তিন ম্যাচেই অসি মেয়েরা জিতেছে দাপটের সঙ্গে। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ৮ রানে। কিন্তু ল্যানিংয়ের কথা দল বড় জুটি গড়তে পারছে না, পুরোপুরি সফল হচ্ছে না বোলিং নিয়ে পরিকল্পনাও, ‘আমরা এখনো নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। আশা করি, ফাইনালে তা পারব।’ ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের তাহলে খবর আছে! ওয়েবসাইট।