টি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজি ধরার পর...

কখনো কখনো ক্রিকেট শুধুই খেলা নয়, তার চেয়েও বেশি। এসপি কুমারার গল্পটা শুনুন তাহলে। শ্রীলঙ্কার এই ফলবিক্রেতা ফাইনালের আগে ৪০ হাজার রুপি বাজি ধরেছিলেন। তবে নিজ দেশ নয়, ভারতের পক্ষে। তা কুমারাকেই বা দোষ দেবেন কী করে? ফাইনাল মানেই যে দলের কাছে ব্যর্থতার হাহাকার, সেই শ্রীলঙ্কা জিতবে ভাবেননি অনেকেই। কুমারাও ভাবেননি। শ্রীলঙ্কার আগের আসরে লঙ্কান যোদ্ধাদের ওপরই বাজি ধরেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে শ্রীলঙ্কার পরাজয়ে খোয়া যায় তাঁর লাখ খানেক রুপি। এবার তাই নিশ্চিন্তমনে বাজি ধরেছিলেন ভারতের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে সেটা তো জানেনই। ভারতকে হারিয়ে শিরোপাখরা কাটিয়েছে শ্রীলঙ্কা। পরপর দুবার এতগুলো টাকা খোয়ানোর শোক কুমারা সামলাতে পারেননি। হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কাল স্থানীয় পুলিশ জানিয়েছে কলম্বোর অদূরে গাম্পাহার এক হাসপাতালে নেওয়ার পরই শেষনিঃশ্বাস ত্যাগ করেন কুমারা। এএফপি।

ওয়াটকে ‘না’

ইংরেজ কনে-ভারতীয় বর। আপাতত এমন চিত্রনাট্য বোধ হয় মঞ্চস্থ হচ্ছে না। অথচ ড্যানিয়েলে ওয়াটের টুইটের পর সবাই পারলে বিরাট কোহলির সঙ্গে ধরেবেঁধে বিয়েই দিয়ে দেয় তাঁকে। ‘ম্যারি মি কোহলি’—টুইট করে তোলপাড় ফেলে দিয়েছিলেন ইংল্যান্ড মহিলা দলের অফস্পিনার। কিন্তু শ্বশুরবাড়ি থেকে একরকম লালসংকেতই দেখিয়ে দেওয়া হয়েছে বেচারি ওয়াটকে। ভারতীয় ব্যাটসম্যানের মা সরোজ কোহলি ঢাল দাঁড় করিয়েছেন বয়সকে, ‘ওর তো এখনো বিয়ের বয়স হয়নি। আরও চার-পাঁচ বছর পর আমরা ওর বিয়ে নিয়ে চিন্তা করব। সে তো এখন মাত্র ক্রিকেট খেলা শুরু করেছে।’ কোহলি কিন্তু একেবারে কচি খোকা নন, বয়স চলছে ২৫। তবে কি ভিনদেশি বধূ ঘরে আনতে নারাজ বিরাটজননী? সাংবাদিকদের বলা তাঁর কথা থেকেই উত্তরটা খুঁজে নিতে পারেন, ‘এটা আপনারাই বের করুন। আপনারা যা ইচ্ছা তা-ই লিখতে পারেন।’ ওয়েবসাইট।