টিকি-টাকাতেই জীবন, নয়তো মরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভি হার্নান্দেজ
জাভি হার্নান্দেজ

পরপর দুটি ইউরো, মাঝে একটি বিশ্বকাপ শিরোপা। টিকি-টাকা ফুটবল খেলে ঈর্ষণীয় সফলতা পেয়েছে ভিসেন্তে দেল বস্কের স্পেন। কিন্তু কিন্তু সাম্প্রতিক সময়ে আশানুরূপ ফল না পাওয়ায় প্রশ্ন উঠছে, ব্রাজিল বিশ্বকাপে কি নিজেদের খেলার ধরনে পরিবর্তন আনবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা?
সাম্প্রতিক সময়ে স্পেনের কোচ থেকে শুরু করে দলটির অনেক খেলোয়াড়কেই প্রশ্নটা করা হয়েছে। আজ রাতে হল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্নটার মুখোমুখি হলেন জাভি হার্নান্দেজ। তারকা এই মিডফিল্ডারের সাফ জবাব, ‘বাঁচি আর মরি, বিশ্বকাপে টিকি-টাকা ফুটবলই খেলব আমরা।’
অনেক বিশেষজ্ঞই বিশ্বাস করেন, এখনকার সময়ে টিকি-টাকা ফুটবল অচল। এটাকে যে নির্বিষ করে দেওয়া যায়, গত কনফেডারেশনস কাপের ফাইনালেই তা দেখিয়ে দিয়েছে ব্রাজিল। নিজেদের কৌশল দিয়ে স্পেনকে বিধ্বস্ত করেছিল তারা। টিকি-টাকা দিয়ে বার্সেলোনার লাভ হয়নি এবারের ইউরোপীয় মৌসুমেও। তাই নিজেদের কৌশল অটুট রাখাটা স্প্যানিশদের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এর ওপর বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে।
বাংলাদেশ সময় আজ রাত একটায় যেন ফিরে আসছে গত বিশ্বকাপের ফাইনালের আবহ। নিজেদের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালিস্টরা মুখোমুখি হচ্ছে বলে উভয় দলের জন্যই ব্যাপারটা চ্যালেঞ্জের। প্রশ্ন উঠছে, হল্যান্ড কি পারবে চার বছর আগের প্রতিশোধ নিতে? নাকি পুরোনো ফলেরই পুনরাবৃত্তি করবে স্পেন? এ চ্যালেঞ্জে স্পেন টিকি-টাকাতেই আস্থা রাখবে বলে জানালেন জাভি, ‘এটা ২০১০ সালের ফাইনালের পুনরাবৃত্তি। আমরা জানি, প্রতিপক্ষ হিসেবে হল্যান্ড প্রচণ্ড শক্তিশালী। ওরা খুবই আক্রমণাত্মক, প্রতি-আক্রমণ, রক্ষণেও ওরা ভালো। কিন্তু আমাদের খেলার নিজস্ব স্টাইল আছে। বহু বছর ধরে আমরা সেভাবে (টিকি-টাকা) খেলছি। এটা দিয়ে আমরা বহু সফলতা পেয়েছি। আমি মনে করি, খেলার ধরন পরিবর্তন করাটা আমাদের জন্য ভুল হবে। টিকি-টাকা স্টাইলে খেলে আবারও ইতিহাস গড়তে চাই আমরা। এভাবে খেলে হয় বাঁচব, নয়তো মরব’। সূত্র: গোল ডটকম।