টিকি-টাকার মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের স্বর্ণালী সময়টা কী শেষই হয়ে গেছে? হল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হারের পর এমন প্রশ্ন জোরেসোরেই উঠেছে ফুটবল বিশ্বে। ছবি: রয়টার্স
স্পেনের স্বর্ণালী সময়টা কী শেষই হয়ে গেছে? হল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হারের পর এমন প্রশ্ন জোরেসোরেই উঠেছে ফুটবল বিশ্বে। ছবি: রয়টার্স

‘টিকি-টাকা’তেই জীবন, নয়তো মরণ—হল্যান্ডে বিপক্ষে গত রাতের ম্যাচের আগে জোর গলায় কথাটা বলেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। বিশ্বকাপে স্পেনের বিদায় ঘণ্টা এখনো বাজেনি, তবে হল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর সমালোচকেরা বলতেই পারেন, বিদায় ঘণ্টা বেজেছে ছোট ছোট পাসের টিকি-টাকা ফুটবলের!

পরীক্ষিত কৌশল দিয়ে যে সব সময় আগের মতো সাফল্য নাও পাওয়া যেতে পারে, সেই নির্মম সত্যটিই গতকাল স্পেনকে স্মরণ করিয়ে দিয়েছে হল্যান্ড। মজার ব্যাপার হলো, যে দেশটির কাছে বিধ্বস্ত হয়ে স্পেনের টিকি-টাকা প্রশ্নের মুখে পড়েছে, সেই ডাচদের হাত ধরেই একসময় জন্ম নিয়েছিল ফুটবলের এই নান্দনিক কৌশলটি।

১৯৮৮ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়ে এই টিকি-টাকা ফুটবলের গোড়াপত্তন করেছিলেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। পরবর্তীকালে বার্সার আরেক ডাচ কোচ ফ্রাঙ্ক রাইকার্ডও সাফল্যসূত্র খুঁজেছিলেন টিকি-টাকা দিয়েই। বলের দখল ধরে রেখে ছোট পাসে খেলার এই কৌশলের সবচেয়ে সার্থক রূপ দিয়েছিলেন পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনাকে পরিণত করেছিলেন অপ্রতিরোধ্য একটা দলে।

স্পেনও বিশ্ব ফুটবলে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল এই টিকি-টাকাতে ভর করেই। ২০০৮ সাল থেকে এই টিকি-টাকা দিয়েই ফুটবল বিশ্বে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিল স্পেন। সে বছর লুইস অ্যারাগোনেসের হাত ধরে জিতেছিল ইউরো কাপ। তাঁর উত্তরসূরি ভিসেন্তে দেল বস্কও আস্থা রেখেছিলেন ছোট ছোট পাসে বলের দখল ধরে রেখে খেলার এই কৌশলে। হতাশও হতে হয়নি স্প্যানিশদের। ২০১০ সালের বিশ্বকাপের পর ২০১২ সালের ইউরো কাপও জিতেছিল লা রোজারা। যে রণকৌশল দিয়ে এত এত সাফল্য, তার ওপর তো জীবন-মরণের বাজি লাগাতেই পারেন জাভি-ইনিয়েস্তারা।

এই এক ম্যাচের পারফরম্যান্স দেখে এটা বলাও হয়তো যৌক্তিক হবে না যে টিকি-টাকার বিদায় ঘণ্টা বেজে গেছে। এই কৌশল দিয়ে আর সাফল্য পাবে না স্প্যানিশরা। তবে গতকালের হারটা বিশ্বকাপজয়ীদের জন্য নিশ্চিতভাবেই সতর্কবার্তা।

স্পেনের খেলা দেখে বিশ্বাস করতেই কষ্ট হয়েছে যে, দুর্দান্ত এই দলটিই গত পাঁচ বছর ধরে নিজেদের দখলে রেখেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ৫-১ গোলের স্কোরলাইন দেখে হয়তো এটা বিশ্বাস করাও কঠিন যে, পুরো ম্যাচের ৬৪ শতাংশ সময়ই বলের দখল ছিল স্পেনের কাছে। বাকি ৩৪ শতাংশ সময়েই স্পেনকে রীতিমতো বিধ্বস্ত করেছে হল্যান্ড।

প্রথমার্ধটা সমানে সমানেই লড়েছিল গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। ১-১ ব্যবধানের সমতা শুধু স্কোরলাইনেই না, মাঠের লড়াইয়েরও প্রতিফলন ঘটিয়েছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে হল্যান্ডের দ্রুতগতির ফুটবলের কাছে নিঃশর্ত আত্মসমর্পণই করতে হয়েছে স্পেনকে। দুর্দান্ত গতি আর লম্বা পাসের আক্রমণ দিয়ে স্প্যানিশ রক্ষণভাগকে তটস্থ করে রেখেছিলেন রোবেন-স্নাইডার-ফন পার্সিরা। ভাগ্য সহায় না হলে হয়তো আরও দু-একটি গোলও হজম করতে হতো স্পেনকে। পার্সির একটি জোরালো শট তো ফিরেই এসেছিল গোলপোস্টে লেগে।

আক্রমণভাগে জাভি-ইনিয়েস্তা-সার্জিও বুসকেটসরা যেমন গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছেন, তেমনি রক্ষণভাগেও নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেননি পিকে-জরডি আলবা-সার্জিও রামোসরা। ম্যাচের শেষ গোলটির সময় রোবেনের কাছে যেভাবে নাকাল হতে হয়েছে, সেটা নিশ্চয়ই দীর্ঘদিন ভুলতে পারবেন না ক্যাসিয়াস। এ সময়ের অন্যতম সেরা গোলরক্ষক নিজেও দায়ী হল্যান্ডের চতুর্থ গোলটির জন্য। তাঁর মারাত্মক একটি ভুলের ফায়দা তুলেই স্পেনের জালে আরও একবার বল জড়িয়েছিলেন ফন পার্সি।

স্পেনের সমর্থকেরা যে সব দিক থেকেই বড়সড় ধাক্কা খেয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। গতবারের শিরোপাজয়ীরা যে আর আগের মতো অপ্রতিরোধ্য নেই, সেটা দিনের আলোর মতোই স্পষ্ট করে দিয়েছে ডাচরা। এখন স্পেনের সমর্থকেরা সাহস খুঁজছেন ২০১০ বিশ্বকাপের দিকে তাকিয়েই। সেবারও তো স্পেনের শুরুটা হয়েছিল সুইজারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এবারও কি তেমন কিছু ঘটতে পারে না? ক্যাসিয়াস-জাভি-ইনিয়েস্তারাও তো আহত সিংহের মতোই ভয়ংকর হয়ে উঠতে পারেন।