টিকিট আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের টিকিট মানেই সোনার হরিণ। গ্যালারি হয়তো ফাঁকা, কিন্তু টিকিট কাউন্টারে টিকিট নেই। সব নাকি আগেই বিক্রি হয়ে যেত! এবারের আসরের প্রথম দিনে উল্টো দেখা গেল মাইকিং করে টিকিট বিক্রি করতে। কাল দুপুরের ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে হচ্ছিল সেই মাইকিং—টিকিট কাউন্টারে টিকিট আছে। যে-কেউ চাইলেই টিকিট কেটে মাঠে চলে আসতে পারেন। কিন্তু সে আহ্বানে খুব কম মানুষই সাড়া দিল। প্রথম ম্যাচে সর্বনিম্ন ২০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারির ওপরের অংশটাই পুরো ভরেছে। ক্লাব হাউস আর গ্র্যান্ড স্ট্যান্ডে তো বেশির ভাগ আসনই ফাঁকা পড়ে থাকল! বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক অবশ্য এটুকুতেই খুশি, ‘অফিস খোলা এমন দিনে দুপুরের ম্যাচে এত দর্শক আমরা আশাই করিনি। ভেবেছিলাম, হাজার দুয়েক দর্শকের বেশি হবে না।’