টিকিট কালোবাজারিতে ফিফা কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরষেতেই ভূত। প্রবাদটার সঙ্গে নতুন করে পরিচয় হলো ব্রাজিলিয়ানদের। বিশ্বকাপের টিকিট কালোবাজারি নিয়ে তদন্ত করতে গিয়েই সরষের ভূতকে খুঁজে পেয়েছে ব্রাজিল পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, ফিফার এক কর্মকর্তাই জড়িত টিকিট কালোবাজারিতে। এর আগে গত পরশু কালোবাজারির সঙ্গে জড়িত ১১ জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে খেলোয়াড়দের জন্য বরাদ্দ কিছু টিকিটও উদ্ধার করা হয়েছে।
ওই তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে পড়েছে। টেলিফোন কলের সূত্র ধরে এক ফিফা কর্মকর্তার নামের প্রথম অংশটা চিহ্নিত করেছে তারা। রিওর পুলিশ কমিশনার ফাবিও বারুকে জানিয়েছেন, ফিফার ওই কর্মকর্তা বিশ্বকাপ উপলক্ষেই ব্রাজিলে এসেছিলেন। পুলিশ এখন ফিফার সহযোগিতা চেয়েছে। ফিফাও এই ব্রাজিলিয়ান পুলিশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে।
পুলিশ বলছে, এই কালোবাজারি চক্র ২০০২ বিশ্বকাপ থেকেই সক্রিয় ও প্রতি টুর্নামেন্ট থেকে গড়ে প্রায় নয় কোটি ডলার মুনাফা করেছে। এএফপি, বিবিসি।