টিকিট কিনেও দোদুল্যমান মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবন থেকে হাসিমুখে বেরোলেন হাসান আল মামুন ও মিঠুন চৌধুরী। দুজনই শেখ রাসেলের ফুটবলার। অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল মামুনের হাসির কারণটা না হয় বোঝা গেল, বিশ্বকাপের টিকিট কিনেছেন তিনি। কিন্তু স্ট্রাইকার মিঠুন চৌধুরী?
‘অনেক শখ ছিল ব্রাজিল বিশ্বকাপ দেখব। কিন্তু ওই সময় বাংলাদেশ লিগ চলবে। তাই ইচ্ছা থাকলেও যেতে পারছি না। তবে মামুন ভাইয়ের সঙ্গে ফেডারেশনে গিয়ে বিশ্বকাপের টিকিট নেড়েচেড়ে দেখার তো সুযোগ পেলাম। এর আলাদা একটা শিহরণ আছে’—কাল বলছিলেন মিঠুন।
বর্তমান ফুটবলারদের মধ্যে শুধু হাসান আল মামুনই বিশ্বকাপের টিকিট কিনেছেন। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাইনালের একটি করে টিকিট পেয়েছেন তিনি। ভাগ্য ভালো হলে দুটিই ব্রাজিলের ম্যাচ হতে পারে। তবে ব্রাজিল যেতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন এই ফুটবলার, ‘ওই সময় দল থেকে ছুটি পাব কি না জানি না। কারণ, লিগ চলবে। ছুটি পেলেই ব্রাজিল যাওয়া হবে। নইলে আফসোসের শেষ থাকবে না। ব্রাজিল বিশ্বকাপ বলে কথা!’
বিশ্বকাপ টিকিটের আরেক নাম ‘সোনার হরিণ’। এবার বাংলাদেশকে ২২৮টি বিশ্বকাপের টিকিট দিয়েছে ফিফা। সাত শর কাছাকাছি আবেদন পড়েছিল বাফুফে দপ্তরে। যাচাই-বাছাই শেষে টিকিট বরাদ্দও হয়ে গেছে। বাফুফের কর্মকর্তারা তো আছেনই, সাবেক কয়েকজন ফুটবলারও টিকিট কিনেছেন। যাঁর মধ্যে আছেন আশরাফউদ্দিন চুন্নু, জাকির হোসেন, সালাউদ্দিন, গোলাম গাউস, আলমগীরসহ আরও কয়েকজন। ক্রীড়া প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ, সরকারি-বেসরকারি অনেক কর্মকর্তা টিকিট কিনেছেন।
টিকিট নিয়ে এমন তোড়জোড় তো হবেই, বাংলাদেশ যে বিশ্বকাপের চিরকালীন পাগলপারা দর্শক!