টিকিট চাই, টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন হলো মিরপুর স্টেডিয়ামটাকে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেই বেড়া কাল ভেঙে পড়ার উপক্রম। ছোট একটা কাউন্টারের শিক ধরে কেউ ঝুলে পড়েছে, কেউ টিনের ওপর দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে। ভিড়ের চাপে একসময় ভেঙেই পড়ল কাউন্টারের পাশের টিনের বেড়া। দূর থেকে মনে হচ্ছিল, ওখানে বুঝি যুদ্ধ চলছে!ঘাম-ধুলোতে ঢেকে যাওয়া মুখ আর ছিন্ন জামা নিয়ে ওই ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এলেন নরসিংদীর যুবক মামুন। দুই হাত শূন্যে তুলে চিৎকার করে বললেন, ‘টিকিট পেয়েছি।’ ডান হাতের মুঠো খুলতে দেখা গেল মামুনের হাতে টুকরো টুকরো হয়ে যাওয়া দুটো ভেজা টিকিট।এমন ছেঁড়া-ভেজা টিকিট নিয়ে কেউ কেউ মাঠে ঢুকল; সার্থক হলো যুদ্ধ, দেশের জয় দেখে ফিরল। কিন্তু যুদ্ধরত এই মানুষগুলোর বেশির ভাগেরই বাড়িতে ফিরতে হলো হতাশ হয়ে। হতাশার শুরু সকাল থেকেই।বিশ্বকাপ উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। সে চাপেই টিকিট বিক্রির সংখ্যা এবার কমিয়ে আনা হয়েছিল। সৌজন্য টিকিটসহ গত পরশু পর্যন্ত ১০ হাজার টিকিট ছেড়েছিল বিসিবি। আগের দিনই জানিয়ে দিয়েছিল, এর চেয়ে বেশি লোক স্টেডিয়ামে ঢোকানো সম্ভব নয়।কিন্তু সকালে দর্শকের চাপ দেখে বোর্ড প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালের উদ্যোগেই সিদ্ধান্তটা বদলানো হলো। অন্তত সে রকমই বললেন টিকিট ও আসন কমিটির চেয়ারম্যান জি এস হাসান তামিম, ‘অনেক দর্শকই টিকিটের খবর না পেয়েই মাঠে চলে এসেছিল। তাদের উৎসাহ দেখে বোর্ড সকালেই তাৎক্ষণিকভাবে আরও দুই হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়।’বোর্ডের এই সিদ্ধান্তে কেউ কেউ যেমন ম্যাচ দেখার সুযোগ পেয়েছে, তেমনি আবার সেই ময়মনসিংহ থেকে আসা টিটো চৌধুরীর মতো কেউ কেউ হতাশ হয়ে ফিরে গেছে। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর টিটো বলছিলেন, ‘সকালের গাড়িতে ঢাকায় এসেছি খেলা দেখব বলে। পত্রিকায় বোর্ড কী জানিয়েছে, তা তো জেনে আসতে পারিনি। এখন দেখছি, খেলা না দেখেই ফিরে যেতে হবে।’মাঠে ম্যাচটা একটু একটু করে হাতের মুঠোয় নিয়ে আসছেন সাকিবরা। আর বাইরে হা-হুতাশ বাড়ছে। মিরপুরেরই ছেলে সুজন কেঁদেই দিয়েছিলেন প্রায়, ‘বাংলাদেশ তো ম্যাচ জিতে যাচ্ছে! এমন ম্যাচ দেখতে পারব না!’আসলেই। এমন ম্যাচ দেখতে না পেলে নিজেকে সান্ত্বনা দেওয়া কঠিন। তবে কাল যারা টিভিতে খেলা দেখেছে, কিংবা রেডিওতে শুনেছে ধারাবিবরণী, তারাও যে খুব উপভোগ করেছে; তা বলার জো নেই। গতকালই যেমন বেশ কজন ক্রীড়া বিভাগে ফোন করে বিটিভি আর বাংলাদেশ বেতারের সম্প্রচারের মান নিয়ে অভিযোগ করলেন। খেলার মাঝখানে খবরের জন্য লম্বা সময়ের বিরতি সবচেয়ে বিরক্তিকর বলে জানিয়েছেন তাঁরা।এই সময়েই অস্ট্রেলিয়ার ভারত সফর বলে নিও ক্রিকেট বাংলাদেশের সব কটি ম্যাচ সম্প্রচার করতে পারছে না। অবশ্য দ্বিতীয় ওয়ানডেটি সম্প্রচার করা হবে বলে নিওর ওয়েবসাইটে জানানো হয়েছে। সম্প্রচারের সম্ভাবনা আছে ১৪ অক্টোবরের চতুর্থ ওয়ানডেটিও।