টিকিট চাই টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে প্রিয় দল। বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকেরা তৃষিত নয়নে চেয়ে আছে ফাইনালের দিকে। কিন্তু দুঃখের বিষয়, তাদের বেশির ভাগকেই নিরাশ হতে হবে। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা যে একেবারেই অপ্রতুল!

২৫ মে লন্ডনের ওয়েম্বলিতে বায়ার্ন-ডর্টমুন্ডের সেই মহাকাব্যিক ফাইনাল। ডর্টমুন্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইনালের টিকিটের জন্য রোববারের আগে নাকি প্রায় পাঁচ লাখ আবেদন জমা পড়েছে তাদের কাছে। এমনটা নাকি তাদের ধারণাতেই ছিল না! ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্ক ৮০ হাজার সমর্থকে গমগম করে।

সমস্যা হলো, ডর্টমুন্ডের জন্য টিকিট বরাদ্দ আছে মাত্র ২৪ হাজার ৪২টি। লটারি ছাড়া তাই গত্যন্তর নেই কর্তৃপক্ষের। ৮৬ হাজার ধারণক্ষমতার ওয়েম্বলিতে দুই ফাইনালিস্টের জন্য বরাদ্দ ৫০ হাজার টিকিট। দুই দলের সিংহ ভাগ সমর্থকের টিভিতে খেলা দেখেই তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে।

তার ওপর টিকিটের দামও আকাশচুম্বী। সর্বনিম্ন মূল্য ৬০ পাউন্ড, সর্বোচ্চ ৩৩০ পাউন্ড। বুন্দেসলিগায় খেলা দেখতে এর চেয়ে অনেক কম টাকা লাগে। তবে যেখানে টিকিটই নেই, সেখানে অর্থকড়ি নিয়ে হাপিত্যেশ করে আর লাভ কী! রয়টার্স।