টিকিট না পেয়ে বিসিবিতে ভাঙচুর
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। টিকিট নামের সেই ‘সোনার হরিণ’ না পেয়ে কাল বিক্ষুব্ধ দর্শক-সমর্থকেরা ভাঙচুর করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় ও একাডেমি ভবন। তারা পুড়িয়ে দিতে চেয়েছিল টিকিট কাউন্টারও। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।সকালে টিকিট কাউন্টারে টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে দেখার আশায় স্টেডিয়ামে আসা এক দল তরুণ। ক্ষোভ জানাতে তারা চলে আসে স্টেডিয়ামের মিডিয়া প্লাজা গেট এবং মূল গেটেও। একদল স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে ভাঙচুর করে বিসিবি কার্যালয়ের কাচ, যেগুলো দুপুরের মধ্যেই আবার নতুন করে লাগানো হয়েছে। হামলা হয়েছে ট্রান্সটেল গেটের ওপরও। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা এ সময় পালিয়ে বেঁচেছেন।টিকিট না পেয়ে দর্শকদের বিক্ষুব্ধ হয়ে ওঠা হয়তো বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তারই একটা প্রমাণ। তবে সেটি আবার প্রশ্নবিদ্ধও হয় গ্যালারির ফাঁকা আসনে। বাইরে হাজারো ক্রিকেটপ্রেমীর ভিড়, একটি টিকিটের জন্য হাহাকার। অথচ গ্র্যান্ডস্ট্যান্ডসহ ৫০ টাকা মূল্যমানের সাধারণ গ্যালারির অনেক আসনে দর্শক নেই। এর একটা কারণ হতে পারে ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ক্রিকেটের প্রকৃত দর্শক না চেনা। কাউন্টারে পর্যাপ্ত টিকিট না দিয়ে সৌজন্য টিকিটটি বিলিয়েছেন তাঁরা। দলীয় কর্মী এবং পরিচিতজনদের দেদার এই সৌজন্য টিকিট বিলানোর নেতৃত্বে ছিলেন হুট করে অ্যাডহক কমিটিতে চলে আসা বিসিবির এক নব্য কর্মকর্তা। গুঞ্জন আছে ফাঁকা চেয়ারগুলোর বেশির ভাগে বসার কথা ছিল ওই সৌজন্য টিকিটধারীদেরই। কিন্তু তাদের অনেকে মাঠেই আসেনি। মুফতে পাওয়া জিনিসের কদর যে রকম হয় আরকি!