টিকিট নিয়ে হাহাকার-অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের টিকিট বিক্রিতে ‘হট কেক’ বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচ। কিন্তু ১৯ ফেব্রুয়ারির এই ম্যাচের টিকিট নিয়েই সৃষ্টি হয়েছে ধূম্রজাল। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া দুই ব্যাংকেরই কথা, বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অথচ কাল পর্যন্ত এক-তৃতীয়াংশেরও কম টিকিট বিক্রি হয়েছে এই ম্যাচের।সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল সারা দেশে ব্যাংকটির ৫০টি বুথ থেকে মোট ১৫৫০০ টিকিট বিক্রি হয়েছে। আর গত দুই দিনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ৫৩৭৭টি। এরপরই ভারতীয় টিকেটিং এজেন্সি কায়াজুঙ্গার ওয়েবসাইট থেকে এই টিকিট শেষ হয়ে গেছে বলা হয়েছে। সিটি ব্যাংক উদ্বোধনী ম্যাচের টিকিট প্রথম দিনে বিক্রি করেছে ৩৫৭৭টি, দ্বিতীয় দিনে ১৮০০টি। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (আইডি) শামসুল ইসলাম তাঁদের ৩০টি বুথ থেকে বাংলাদেশ-ভারত ম্যাচের কতটি টিকিট বিক্রি হয়েছে না বললেও নিশ্চিত করেছেন উদ্বোধনী ম্যাচের টিকিট শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি। সঙ্গে অবশ্য বলেছেন, ‘কাল (আজ) যদি সার্ভারে আবার এ ম্যাচের টিকিট দেয়, তাহলে আবার বিক্রি হবে।’ ধাপে ধাপে টিকিট ছাড়ার সম্ভাবনার কথা বলছে সিটি ব্যাংকও।কাল ঢাকার কয়েকটি কাউন্টার ঘুরেও দেখা গেছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। অনেকে দীর্ঘ লাইন পেরিয়ে কাউন্টার পর্যন্ত পৌঁছেও প্রত্যাশিত ম্যাচের টিকিট না পেয়ে কিনেছেন অন্য ম্যাচের টিকিট।বুথ থেকে বিক্রির জন্য টিকিটের সংখ্যা সংবাদমাধ্যমে তিনবার তিন রকম বলেছে বিসিবি। মজার ব্যাপার, ব্যাংকগুলোকে বিসিবির জানানো সংখ্যার সঙ্গে এর কোনোটিরই মিল নেই! ব্যাংককে দেওয়া বিসিবির তথ্য অনুযায়ী বিশ্বকাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতি ম্যাচের জন্য নাকি বুথ থেকে টিকিট বিক্রি হবে ১৯৭৭৫টি করে আর চট্টগ্রামের ম্যাচের জন্য ১৪১৭৫টি করে! ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট ১২১০৪টি। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট কবে থেকে বিক্রি হবে, সেটা এখনো জানানো হয়নি। এই টিকিট বিক্রি হবে তিন শ্রেণীতে। পূর্ব গ্যালারি ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি ৫০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের (লোয়ার লেভেল) টিকিট ২০০০০ টাকা করে।উদ্বোধনী অনুষ্ঠানটা গ্র্যান্ড স্ট্যান্ডে বসে কত দর্শক দেখতে পারবে, সে প্রশ্ন অবশ্য থাকছেই। ম্যাচের দিনের ৩০০০ টাকা দামের গ্রান্ড স্ট্যান্ড এবং ২০০০ টাকা দামের আন্তর্জাতিক গ্যালারির (দক্ষিণ) টিকিট নিয়েও রয়েছে রহস্য! গ্র্যান্ড স্ট্যান্ডের ৩৩টি এবং আন্তর্জাতিক গ্যালারির (দক্ষিণ) ১৫টি মিলিয়ে গত দুই দিনে সিটি ব্যাংক থেকে মাত্র ৪৮টি টিকিট বিক্রি হয়েছে এই দুই গ্যালারির এবং এরপরই বলা হয়েছে টিকিট শেষ!টিকিট শেষ হয়ে যাওয়ার এসব ‘ঘোষণা’য় ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। সঙ্গে অপেক্ষার যন্ত্রণা তো আছেই। তবে টানা তিন-চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকে দর্শকেরা যেন কিছুটা ক্লান্ত। অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছে। শীতের কনকনে ঠান্ডা হাওয়া সহ্য করেও কাল লাইনে থাকা ক্রেতারা আগের দিনের চেয়ে ছিল সুশৃঙ্খল। শৃঙ্খলা ধরে রাখতে পুলিশ প্রশাসন কাউন্টারে কাউন্টারে বিশেষ ‘সিরিয়ালের’ ব্যবস্থা করেছে।সিটি ব্যাংকের ধানমন্ডি শাখায় এই সিরিয়াল নিয়েই পাওয়া গেল অভিযোগ। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে আসা এক তরুণ বললেন, ‘কাল (পরশু) রাতে ৬৫ জনের একটা গ্রুপকে এখানকার ওসি সাহেব সিরিয়াল নম্বর দিয়ে বলেছেন, আজ (গতকাল) সকালে এই সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে। কিন্তু সকালে এসে দেখি অন্য সিরিয়াল! এ রকম প্রতারণার মানে কী? সিরিয়াল না পেলে তো আমি রাত জেগে লাইনে থাকতাম।’ তবে ধানমন্ডি থানার এসআই মজিবর অভিযোগ পুরোপুরি মানেননি, ‘সংখ্যাটা ৬৫ নয়, ৪৫-৪৬ হবে। ওই তালিকার পর লাইন এলোমেলো হয়ে যাওয়ায় নতুন করে ৫০০ জনের তালিকা হয়। নতুন তালিকায় আগের তালিকারও অনেকে আছে। আর যিনি টিকিট কিনবে তারই মাথাব্যথাটা বেশি হওয়া উচিত। কেউ লাইন ছেড়ে চলে গেলে পরদিন তাকে সেই সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া কীভাবে সম্ভব? তার পরও আমরা নতুন সিরিয়ালের চারজনের সঙ্গে আগের সিরিয়ালের একজন করে বুথে পাঠাচ্ছি।’ তাঁর পাল্টা যুক্তি, ‘সিরিয়াল দেওয়া তো আমাদের কাজ না। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। ওসি সাহেব পরিস্থিতি শান্ত রাখতেই টোকেন সিস্টেমটা চালু করেন।’দর্শকদের অভিযোগ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধেও। ঢাকা এবং ঢাকার বাইরের অনেক দর্শকেরই সন্দেহ, বাইরে মানুষ দাঁড় করিয়ে রেখে ভেতরে নিজেদের লোকদের টিকিট কেনার সুযোগ করে দিচ্ছেন ব্যাংকের লোকজন। যদিও সিটি বা অগ্রণী কোনো ব্যাংকই অভিযোগটা মানেনি। সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাশরুর আরেফীন বলেছেন, ‘এসবের সুযোগই নেই। সিটি ব্যাংকের ব্যবস্থাপকই সার্কুলার জারি করেছেন, টিকিট নিয়ে কেউ অন্যায় কিছু করলে সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করা হবে। এর পরও কেউ এত বড় ঝুঁকি নেবে বলে বিশ্বাস হয় না। বিশ্বকাপ আগে, না চাকরি আগে?’