টিকিট পেল জার্মানি, হল্যান্ডের ১১ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী অস্ট্রিয়াকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ইউরো ২০১২ মূল পর্বের টিকিট পেল জার্মানি। পোল্যান্ড ও ইউক্রেনের টিকিট পাওয়ার কাছে পৌঁছে গেছে হল্যান্ড আর ইতালিও। হল্যান্ড পুঁচকে সান মারিনোকে উড়িয়ে দিয়েছে ১১-০ গোলে। কিন্তু ফারো দ্বীপপুঞ্জের মতো পুঁচকে দলের বিপক্ষে ইতালির জয়টি ন্যূনতম ব্যবধানে (১-০)। ইউরোপীয় বাছাইপর্বের পরশু রাতটি ভালো কেটেছে ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্সেরও। তবে বৈতরণী পার হতে আরও কাজ বাকি তিন দলেরই। তবে ইংল্যান্ড বুলগেরিয়াকে ৩-০ ও পর্তুগাল সাইপ্রাসকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের পালে ভরেছে সতেজ বাতাস। ফ্রান্স আলবেনিয়াকে হারিয়েছে ২-১ গোলে।জার্মানির ৬ গোলের দুটি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মেসুত ওজিলের। স্কোরশিটে নাম আছে ‘জাতীয় দলের স্ট্রাইকার’ হিসেবে পরিচিত মিরোস্লাভ ক্লোসারও। ক্লোসা এবারের ইউরো বাছাইয়ে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৯-এ। একটি করে গোল করেছেন নতুন তারকা গোটশে, শুয়ারেল ও পোডলস্কিও। ৮ ম্যাচের ৮টিতেই জিতে ২৪ পয়েন্ট জার্মানির। কোচ জোয়াকিম লো দলের পারফরম্যান্সে দারুণ খুশি, ‘বাছাইপর্বটা আমাদের অসাধারণ হয়েছে। এত আগেই আর বাছাইপর্ব পেরোনো সম্ভব ছিল না আমাদের। তবে দলের মধ্যে চাপটা ধরে রাখতে হবে আমাদের।’জার্মানির বাছাইপর্ব হয়তো খুব মসৃণ গেছে, তবে সবচেয়ে বেশি গোল কিন্তু করেছে হল্যান্ড। পরশুও তাই। আর্সেনাল স্ট্রাইকার রবিন ফন পার্সির ৪ গোলে সান মারিনোকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন একটি অধ্যায়েরও জন্ম দিয়েছে ডাচরা। ১৯৭২ সালে নরওয়েকে ৯-০ গোলে হারানোর পর সান মারিনোর বিপক্ষে পাওয়া ১১-০ গোলের জয়টিই তাদের বৃহত্তম। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে সরিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা হল্যান্ড প্রথম ১৭ মিনিটেই এলোমেলো করে দেয় সান মারিনোকে। চার গোল করা ফন পার্সি ৭ মিনিটে গোলবন্যার সূচনা করেন। ১২ ও ১৭ মিনিটে গোল করেন ওয়েসলি স্নাইডার ও হেটিঙ্গা। স্নাইডার ও ইয়ান ক্লাস হান্টেলার করেছেন জোড়া গোল। শেষ ২৫ মিনিটে সান মারিনো খায় ৬ গোল। ২ গোল করে ক্লোসাকে ছাড়িয়ে বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা এখন হান্টেলার (১০)। হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক দলের পারফরম্যান্স দেখে আকাশে উড়ছেন, বলেছেন, ‘প্রথমার্ধের শেষ ১৫ মিনিট বাদ দিলে আমাদের পারফরম্যান্স ছিল নিখুঁত। শুধু সুন্দর ফুটবলই ছিল না এটা, ছিল কার্যকরও।’ ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে হল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের পয়েন্ট সমান ম্যাচে ১৫। হাঙ্গেরি ৮ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী করে তুলছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনির জোড়া গোল। আর কারভালহো-হতাশা পেছনে ফেলে পর্তুগাল যে গত সেপ্টেম্বরে ৪-৪ গোলে ড্র করা দল সাইপ্রাসকে এবার ৪-০ গোলে উড়িয়ে দিল ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের কল্যাণে।৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। ‘এইচ’ গ্রুপের শীর্ষে থাকা পর্তুগালের পয়েন্ট ১৩। এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা নরওয়ের পয়েন্টও সমান ম্যাচে ১৩। গ্রুপের শীর্ষে আছে ইতালি আর ফ্রান্সও। এএফপি, রয়টার্স।