টিকিট পেল স্পেন-ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো-শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামার অনুমতিপত্র পেয়ে গেছে স্পেন। ইউক্রেন-পোল্যান্ডের টিকিট পেয়ে গেছে ইতালিও। বাছাইপর্ব পেরোতে শেষ তিনটি ম্যাচের একটি জিতলেই হতো। পরশু লিখটেনস্টাইনকে ৬-০ গোলে হারিয়ে সেই আনুষ্ঠানিকতা সারল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। স্লোভেনিয়ার বিপক্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির জয়টি অবশ্য ঘাম ঝরানো (১-০)।জার্মানির পর স্পেন ও ইতালি জায়গা করে নিয়েছে, স্বাগতিক হওয়ায় ইউক্রেন ও পোল্যান্ডও থাকছে। ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের ১৬ দলের ৫টি নিশ্চিত হয়ে গেছে। বাকি যে ১১টি স্থান নিয়ে লড়াই, তার দুটিতে হল্যান্ড ও ইংল্যান্ড একরকম নিশ্চিতই। পরশু ফিনল্যান্ড থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হল্যান্ড, আর নিজেদের মাঠে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র (০-০) করলেও বাছাইপর্ব উতরানোর পথেই আছে ফ্রান্স। আলভারো নেগ্রেদো আর ডেভিড ভিয়া—নিজেদের মাঠে স্পেনের ৬-০ গোলের জয়ে জোড়া গোল করে নায়ক এ দুজনই। তবে সেভিয়ার স্ট্রাইকার নেগ্রেদোর কথাই বলতে হয় সবার আগে। ম্যাচের প্রথম আধঘণ্টা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা স্পেনকে বিশ্বসেরার রূপে ফিরিয়েছে ৩ মিনিটের মধ্যে (৩৪ ও ৩৭) তাঁর দুই গোলই। ৪৪ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়ান জাভি হার্নান্দেজ। ৬০ ও ৭৯ মিনিটে ভিয়া জোড়া গোল করার আগে স্কোরশিটে নাম লেখান সার্জিও রামোস (৫২ মিনিটে)।স্পেনের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকে ৪৯-এ নিয়ে যাওয়া ভিয়া ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম আধঘণ্টা একটু সংগ্রামই করতে হয়েছে আমাদের। তবে পরে ভালো করতে পেরেছি ও গোল করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এখন ইউরো নিয়ে ভাবার অনেক সময় পাব আমরা।’স্পেনের মতো ইতালিও মূল পর্ব নিশ্চিত করেছে দুই ম্যাচ হাতে রেখে। তবে ফ্লোরেন্সে ইতালির জয় এসেছে একেবারে অন্তিম সময়ে। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ৬১ মিনিটে বদলি হিসেবে নামা জিয়ামপাওলো পাজ্জিনি। যে মাঠে জিতল ইতালি, সেই মাঠটি কোচ সিজারে প্রানদেল্লির খুব পরিচিত। ফিওরেন্টিনার কোচ ছিলেন ৫ বছর, ফিওরেন্টিনার এই মাঠে অনেক স্মৃতি তাঁর। ম্যাচ শেষে একটু আবেগাক্রান্তই হয়ে পড়েছেন প্রানদেল্লি, ‘আর্তেমিও ফ্রাঞ্চিতে (ফিওরেন্টিনার মাঠ) বাছাইপর্ব উতরানোটা আমাদের জন্য খুব আবেগের।’ ম্যাচের পারফরম্যান্সে যে খুব একটা খুশি নন, সেটিও বুঝিয়ে দিয়েছেন এর পর, ‘বড় একটা ধাপ পেরোল দল। তবে আমাদের আরও ভালো করতে হবে।’গত ইউরোর চূড়ান্ত পর্বে খেলা হয়নি, গত বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে। গ্রুপ শীর্ষে থাকলেও এবারের ইউরো বাছাইয়ে তেমন উজ্জ্বল নয় ইংল্যান্ড। গত পরশু ওয়েলসের বিপক্ষেই যেমন কোনোমতে জয়। ৩৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার অ্যাশলি ইয়াংয়ের গোল পার করেছে ইংল্যান্ডকে। এই জয়ে যে ভাগ্য একটা বড় ব্যাপার ছিল, সেটি স্বীকার করেছেন ক্যাপেলো, ‘এটা ঠিক, আমরা কিছুটা ভাগ্যের ছোঁয়া পেয়েছি। গোলের সামনে ওরা ভুল করেছে, এটাই আমাদের ভাগ্য।’ শেষ ম্যাচে মন্টেনেগ্রোর সঙ্গে ড্র করলেই মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। গত বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ডের হিসাবটা আরও সহজ—মলদোভা ও সুইডেনের বিপক্ষে শেষ দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট হলেই মূল পর্ব নিশ্চিত।ভাগ্য অবশ্য পরশু সহায়তা করেনি ইউরোপের আরেক পরাশক্তি ফ্রান্সকে। গ্রুপ শীর্ষে থাকলেও মূল পর্বের টিকিট পাওয়ার ব্যাপারটি তাই ঝুলে আছে শেষ দুটি ম্যাচের ওপর। ফ্রান্সের শেষ দুটি ম্যাচ আলবেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট ফ্রান্সের, দ্বিতীয় স্থানে থাকা বসনিয়ার পয়েন্ট ১৬। এএফপি, রয়টার্স।