
বল পায়ে অদম্য রবিন ফন পার্সি। তাঁর জোড়া গোলেই পরশু বিশ্বকাপ হয়েছে নিশ্চিত ডাচদের এএফপিপরশু রাতে ইউরোপীয় ফুটবলে সবচেয়ে খুশি মানুষটি কে ছিলেন?
রবিন ফন পার্সি হতে পারেন। অ্যান্ডোরার বিপক্ষে তাঁর দুই গোলেই নিশ্চিত হয়েছে হল্যান্ডের বিশ্বকাপ।
অনেকে মারিও বালোতেল্লির নামও বলতে পারেন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা ইতালি তাঁর গোলে শুধু জয়ই পায়নি, জায়গা করে নিয়েছে ব্রাজিল বিশ্বকাপেও।
ফ্রাঙ্ক রিবেরিই বা কেন নয়? জোড়া গোল করে ফ্রান্সের টানা পাঁচ ম্যাচের গোলবন্ধ্যাত্ব ঘুচিয়েছেন তিনি। বাঁচিয়ে রেখেছেন অন্তত প্লে-অফ খেলে ফ্রান্সের বিশ্বকাপ-স্বপ্ন।
সুইডেনের ১০১ বছরের ফুটবল ইতিহাসে দ্রুততম গোলটা করা জ্লাতান ইব্রাহিমোভিচের নামও আসতে পারে। তাঁর গোলেই তো এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন বেঁচে আছে সুইডেনের।
আসলে সবচেয়ে খুশি মানুষটির নাম লুইস ফন গাল। প্রথম দফায় হল্যান্ডের কোচ হিসেবে ভীষণ ব্যর্থ ছিলেন। তিনবারের রানার্সআপরা ব্যর্থ হয়েছিল ২০০২ বিশ্বকাপে জায়গা পেতে। নিন্দা আর সমালোচনায় বিদায় নেওয়া ফন গাল দ্বিতীয় দফায় দায়িত্ব পান গত বছর। এবার তাঁর দল ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেয়েছে ইউরোপের প্রথম দুটি দলের একটি হিসেবে। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে! ডাচ কোচের উচ্ছ্বাসটা টের পাওয়া গেল তাঁর প্রতিক্রিয়াতেই, ‘আমরা করে দেখিয়েছি। যেভাবে আমরা বিশ্বকাপে জায়গা করে নিয়েছি এর চেয়ে দ্রুত সম্ভব নয়। ইউরোপ থেকে আমরাই প্রথম।’ দুর্বল প্রতিপক্ষ অ্যান্ডোরার বিপক্ষে জয় পেতে হল্যান্ডকে অবশ্য বেগ পেতে হয়নি। টানা ১৪তম বারের মতো বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে গিয়ে যেটা কিছুটা পেয়েছে ইতালি। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিল সিজারে প্রানদেল্লির দল। ৫১ মিনিটে দলকে সমতায় ফিরিয়েছেন জর্জো কিয়েল্লিনি। আর এর তিন মিনিট পরই বালোতেল্লির পেনাল্টি গোলে নিশ্চিত হয় ইতালির জয় এবং বিশ্বকাপ খেলা। দারুণ উচ্ছ্বসিত ইতালি স্ট্রাইকার আগাম হুমকি দিয়ে রাখলেন বিশ্বকাপের প্রতিপক্ষদের, ‘আমার মনে হয় আমরা অন্যতম ফেবারিট। একটি-দুটি দল হয়তো আমাদের ওপরে, তবে ওদের উচিত আমাদের ভয় পাওয়া। উল্টোটা হবে না।’
পার মার্টসেকার, মেসুত ওজিল আর টমাস মুলারের গোলে ফ্যারো আইল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিলে এক পা দিয়ে রেখেছে জার্মানিও। পরশু রাতেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত, যদি সুইডেন পয়েন্ট হারাত কাজাখস্তানের কাছে। কিন্তু ম্যাচের ২৭ সেকেন্ডে করা ইব্রাহিমোভিচের একমাত্র গোলে জয় নিয়ে কাগজে-কলমে এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছে সুইডেন। তবে ১১ অক্টোবর দেশের মাটিতে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই ১৮তম বারের মতো বিশ্বকাপ-যাত্রা উদ্যাপন করবে জার্মানি। জোয়াকিম লোর কাছে এই অপেক্ষাটা ইতিবাচক, ‘আমরা ঘরের মাঠে খেলে বিশ্বকাপ নিশ্চিত করব, এটা তো দারুণ ব্যাপার!’
পাঁচ ম্যাচ পর অবশেষে গোলের দেখা পেয়েছে ফ্রান্স। ফ্রাঙ্ক রিবেরির জোড়া গোল, সঙ্গে সামির নাসরি আর পল পগবার একটি করে গোলে ’৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়নরা বেলারুশকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। ‘আই’ গ্রুপের শীর্ষ দল স্পেনের সমান ১৪ পয়েন্ট এখন ফ্রান্সের, যদিও তারা বেশি খেলেছে একটি ম্যাচ। প্লে-অফে খেলতে হলে দ্বিতীয় স্থানটা ধরে রাখতে হবে ফ্রান্সকে।
ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের বিশ্বকাপ-ভাগ্য এখনো ঝুলিয়ে রেখেছে ইংল্যান্ড। ৮ ম্যাচে রয় হজসনের দলের পয়েন্ট ১৬, সমান ম্যাচে ১৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইউক্রেন ও মন্টেনেগ্রো। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে না পেরে হতাশ ইংলিশ অধিনায়ক স্টিভেন জেরার্ড, ‘এটা আমাদের সেরা পারফরম্যান্স ছিল না মোটেও।’ এএফপি।
এ ক ন জ রে
ইতালি ২ : ১ চেক প্রজাতন্ত্র
সুইডেন ১ : ০ কাজাখস্তান
জার্মানি ৩ : ০ ফ্যারো আইল্যান্ড
হল্যান্ড ২ : ০ অ্যান্ডোরা
ইংল্যান্ড ০ : ০ ইউক্রেন
ফ্রান্স ৪ : ২ বেলারুশ