টিকিট বিক্রির টাকা চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। দর্শকের আগ্রহের কমতি নেই। টিকিটের বিক্রি-বাট্টাও বেশ ভালো। কিন্তু শুরুতেই লোকসান গুনল সিপিএল কর্তৃপক্ষ। টিকিটি বিক্রির প্রায় এক কোটি ৫৫ লাখ টাকা হাওয়া! ত্রিনিদাদ ও টোবাগোর পুলিশ এমন খবরই জানিয়েছে। খবর আইএনএসের।
টাকা চুরি হয়েছে পোর্ট-অব-স্পেনের কুইন্স পার্ক ওভারে টিকিট অফিস থেকে। স্থানীয় পুলিশের এক তদন্ত কর্মকর্তার বরাদ দিয়ে জানানো হয়েছে, কুইন্স পার্কের টিকিট সমন্বয়ক কারেন বায়ন শনিবার বিকেল পাঁচটায় একটি খামের ভেতর টাকা ঢুকিয়ে ড্রয়ারে তালা মেরে রেখে যান। রোববার অফিসে গিয়ে টাকা আর খুঁজে পাননি।
পুলিশ জানিয়েছে, ড্রয়ারে একটি খামের ভেতর অনেকগুলো চেক ছিল, সেগুলো স্পর্শ করা হয়নি। পুলিশের ধারণা, অফিসের কেউ এ অপকর্ম করে থাকতে পারে। কারণ, অফিসের মূল দরজা ভাঙা হয়নি, ভাঙা হয়েছে কেবল ড্রয়ার। অফিসের অনেককে জেরা করা হয়েছে, কিন্তু কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। ত্রিনিদাদ ও টোবাগোর মিডিয়া অফিসার অবিগেল এডওয়ার্ডস জানিয়েছেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে।’