টিকিট বিড়ম্বনায় এবার বিধ্বস্ত ওয়েবসাইট
বিশ্বকাপের একটা টিকিট জোগাড় করার জন্য কী প্রাণান্তকর চেষ্টাই না করছেন সবাই! দু-তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও সোনার হরিণটার দেখা না পাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। শুধু বাংলাদেশই না, শ্রীলঙ্কাতেও টিকিট জোগাড় করতে গিয়ে দর্শকদের অনেক ঝক্কি পোহাতে হয়েছে। আর বিশ্বকাপ ফাইনালের টিকিট জোগাড় করতে গিয়ে তো একটা ওয়েবসাইট-ই ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে।২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের মাত্র এক হাজার টিকিট বিক্রি করা শুরু করেছিল আইসিসির অফিসিয়াল সহযোগী Kyazoonga.com। কিন্তু এই টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অগণিত মানুষ হুমড়ি খেয়ে পড়ে ওয়েবসাইটটাতে। আর এই বিপুল পরিমাণ মানুষের আগমনে কার্যত অচল হয়ে পড়েছে ওয়েবসাইটটি। সাইটটির এক কর্মকর্তা ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সারা দুনিয়া থেকে অকল্পনীয় পরিমাণ ট্রাফিকের মুখোমুখি হচ্ছি। লাখ লাখ মানুষ একই সময়ে এই সাইটে ঢোকার চেষ্টা করছে। এর কারণে অনেকেরই এই সাইটটাতে ঢুকতে সমস্যা হচ্ছে। এবারের বিশ্বকাপ-জ্বর সব প্রত্যাশা ও পূর্বানুমানকে হার মানিয়েছে।’ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৩৩ হাজার আসনের মধ্যে মাত্র চার হাজার টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তার মধ্যে এ এক হাজার টিকিট দেওয়া হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। টিকিটের নাগাল না পেয়ে এক হতাশ ক্রিকেটপ্রেমীর মন্তব্য, ‘কেউ কি আমাকে দয়া করে বলবেন, সত্যিই টিকিট পাওয়া যাবে নাকি আমরা বারবার এই সাইটে ঢুকে আমাদের সময় নষ্ট করছি?’আইসিসির কর্মকর্তাদের কাছে এ সমস্যার ব্যাপারে জানতে চাইলে তাঁরা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা কেবলই এ ব্যাপারটা জানলাম। কাজেই এখনই আমরা কোনো মন্তব্য করতে পারব না।’ রয়টার্স।