টিকিটের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। সেটি এখন হবে কলকাতার ইডেন গার্ডেনে। ক্রিকেটের জন্য খুবই ভালো হলো, নিরাপত্তাশঙ্কা কাটিয়ে ম্যাচটা তো হচ্ছে। কিন্তু এই ম্যাচ যাঁরা মাঠে বসে দেখতে চেয়েছিলেন, সেই দর্শকদের ঝামেলাটা বেড়ে গেল। নতুন করে যে আবার টিকিটের পেছনে ছুটতে হচ্ছে। শুধু কি টিকিট, কলকাতায় এসে বাইরের দর্শকেরা থাকবেন কোথায় সেটি আরেক দুশ্চিন্তা।
অনলাইনে অবশ্য গতকাল থেকেই ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ভারত ও বাইরের দর্শকেরা অনলাইনে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করে টিকিটের জন্য আবেদন করতে পারবেন। নিবন্ধিত প্রার্থীদের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে হওয়া ড্রতে জয়ীরাই টিকিট কেনার সুযোগ পাবেন।
তবে আইসিসি জানিয়েছে, ভারত ও ভারতের বাইরের যাঁরা ধর্মশালার টিকিট কেটেছিলেন, তাঁদের ক্ষেত্রে এই ম্যাচে দুটি সুযোগ থাকবে। টিকিটের বিনিময়ে পুরো অর্থটাই ফেরত পাবেন তাঁরা, আর যদি কলকাতায়ও খেলা দেখতে চান, আগের টিকিটের বিনিময়ে দেওয়া হবে নতুন টিকিট। ইন্ডিয়ান এক্সপ্রেস।