টিকিটের জন্য নারায়ণগঞ্জে বিক্ষোভ
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ইউসিবি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে দ্বিতীয় ওয়ানডের টিকিট বিক্রি হবে ৩০ অক্টোবর।
আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, প্রথম ওয়ানডের টিকিটের জন্য তুলকালাম কাণ্ড ঘটে গেছে নারায়ণগঞ্জে। টিকিট না পেয়ে ইউসিবির নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখার সামনে কাল বিক্ষোভ করেছে উত্তেজিত দর্শক। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডাও হয় তাদের। অবস্থা বেগতিক দেখে ব্যাংকে প্রবেশের প্রধান ফটক আটকে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ও ঢাকার ওয়ানডে ম্যাচের টিকিট পাওয়া যাবে নারায়ণগঞ্জ ইউসিবি ব্যাংকে—গণমাধ্যমের এমন সংবাদ কয়েক শ টিকিটপ্রত্যাশী দর্শকের লম্বা লাইন ফেলে দেয় চাষাঢ়া শাখার সামনে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সকাল সাড়ে নয়টায় নোটিশ টাঙিয়ে জানিয়ে দেয়, ঢাকার ম্যাচের টিকিট তাদের কাছে আসেনি। তাঁরা জানান, ৩ নভেম্বরের নারায়ণগঞ্জের ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ নভেম্বর থেকে। এ কথা শুনে উত্তেজিত হয়ে বিক্ষোভ করে দর্শকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।