টিকিটের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরে কাল বিকেলে সৌভাগ্যের চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ। পাকিস্তান দলও পৌঁছেছে রাতে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবারের তৃতীয় ম্যাচটি সিরিজের দৃষ্টিকোণ থেকে শুধুই আনুষ্ঠানিকতা। এই ম্যাচ নিয়ে চাটগাঁবাসীর আগ্রহ দেখে অবশ্য মোটেই তা মনে হচ্ছে না।বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়ে গত পরশু মাঝরাত থেকেই অনেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল। কাল দিনভরও গ্রামীণফোন সেন্টারগুলোর সামনে বিশাল জমায়েত। এত কষ্টকর অপেক্ষার পর যখন শূন্য হাতে ফিরতে হচ্ছে, তখন তো ক্ষোভের আগুন জ্বলবেই। জ্বলেছেও। ম্যাচ দেখতে মরিয়া দর্শকদের একটি দল কাল দুপুরে চড়াও হয়েছিল গ্রামীণফোনের জিইসি মোড় শাখায়। তাদের অভিযোগ, ‘ভেতরে ভেতরে টিকিট নিজেদের লোকজনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে।’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।গ্রামীণফোনের এক কর্মকর্তা বিস্মিত হয়ে বললেন, ‘দর্শকেরা তো রীতিমতো আমাদের মারতে আসছে। এই ম্যাচ নিয়ে এত আগ্রহ কেন?’ জবাবটা দিয়েছেন জিপির কর্মকর্তা ইসমাইল বিন খোরশেদুল আবেদিন, ‘আগ্রহ তো থাকবেই। কারণ চট্টগ্রামে বাংলাদেশ টানা জিতে চলেছে। কিন্তু আমাদের কাছে তো চাহিদা অনুযায়ী টিকিট নেই।’তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, প্রথম দিনেই প্রায় শেষ জিপি সেন্টার থেকে টিকিট বিক্রির কোটা। বিক্রির জন্য দেওয়া হয়েছিল মোট ১৪ হাজার ৪০০ টিকিট। অর্ধেক শেষ হয়ে গেছে প্রথম দিনেই। নিয়মানুযায়ী বাকি অর্ধেক টিকিট বিক্রি হবে খেলার দিন স্টেডিয়ামের কাউন্টার থেকে। ওই দিনও যে সৌভাগ্যের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাউন্টারের সামনে একটা বিশাল লম্বা একটা লাইনই পড়বে, এটি এখনই বলে দেওয়া যাচ্ছে।এই মাঠে বাংলাদেশ সর্বশেষ চারটি ওয়ানডেই জিতেছে। বিশ্বকাপে ঢাকায় ‘৫৮ কেলেঙ্কারি’র পর চট্টগ্রামে এসে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা জাগানোর সুখস্মৃতি আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে লজ্জাজনক পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার ঘটনা তো এই কদিন আগে। এরপর টেস্টেও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। মাঠের বাজে নিষ্কাশনব্যবস্থার কারণে সেই টেস্টটির অপমৃত্যু ঘটে।অতীত ইতিহাস থেকে আশাবাদী হতেই পারে সমর্থকেরা। আশা থেকেই আগ্রহ। তবে লাল-সবুজের জয়ের সাক্ষী হওয়ার পাশাপাশি পাকিস্তানের তারকা ক্রিকেটারদের প্রতি আগ্রহও বোধ হয় বড় একটা কারণ।