টিকিটের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি অফিসে স্বপ্ন স্বপ্ন ভাব। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে মানে তো আর একটা মাত্র ম্যাচ। আজ জিতলেই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা হবে বাংলাদেশের!এমন ঘোরলাগা সময়েও একটা হাহাকার চারদিকে। হাহাকার টিকিটের জন্য। ব্যাংক থেকে ফাইনালের টিকিট অনেক আগেই উধাও। বাংলাদেশ ফাইনাল খেলবে, সেটা পরশু জানা গেলেও ভারত-পাকিস্তান ফাইনালের তো সম্ভাবনা ছিলই। ফাইনালের টিকিট শেষ হয়ে যাওয়ার ওটাও একটা কারণ। এখন ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জায়গায় যখন বাংলাদেশ, স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদা বেড়ে গেছে আরও। কিন্তু সে চাহিদা মেটানোর উপায় নেই।খোদ বিসিবি অফিসেও একই অবস্থা। যে যাকে পাচ্ছে, তাকেই জিজ্ঞেস করছে, ‘ভাই, একটা টিকিট হবে?’ সবার উত্তর একই, টিকিট নেই। তবে উড়ো খবর আসে, কোথায় নাকি ২০০ টাকার টিকিট দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। দুই হাজারের নিচে এক টাকাও কম হবে না। বিসিবির এক কর্মকর্তাই বললেন, ‘আমার ভাই ৬০০ টাকার ক্লাব হাউস টিকিট কালোবাজারে চার হাজার টাকায় কিনেছে।’টিকিটের জন্য এই হাহাকার স্বাভাবিকভাবে কিছু প্রশ্নও তোলে। বিসিবি থেকে ক্লাবগুলোকে দেওয়া সৌজন্য টিকিটের প্যাকেটে ঢুকে গেছে নমুনা টিকিট! অভিযোগ উঠেছে জাল টিকিটের ছড়াছড়িরও। বিশ্বকাপের আগে এত টাকা খরচ করে ট্রান্সটেল গেট বসানো হয়েছে টিকিটের বারকোড পরীক্ষা করে দর্শক ঢোকানোর জন্য। কিন্তু এশিয়া কাপে অনেক টিকিটেরই বারকোড কাজ করছে না। স্বেচ্ছাসেবীদের হাতে থাকা টিকিটের বারকোড দিয়ে গেট খুলে দর্শক ঢোকানো হচ্ছে!ফাইনালের মতো বেশি না হলেও কর্তৃপক্ষ পুরো এশিয়া কাপেই টিকিট-সংকটের কথা বলে আসছে। সব টিকিট নাকি বিক্রি হয়ে যায় ম্যাচের আগেই! তার পরও কেন অনেক ম্যাচেই গ্যালারি ভরে না, ভিআইপি গ্রান্ডস্ট্যান্ড ফাঁকা পড়ে থাকে? এসব জানতে কাল বিসিবির টিকিট অ্যান্ড সিটিং কমিটির প্রধান জি এস হাসানকে ফোন করা হয়েছিল, তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। মুঠোফোন বন্ধ ছিল সংশ্লিষ্ট প্রায় সব কর্মকর্তারই। টিকিটের মতো হয়তো এসব প্রশ্নের উত্তরও নেই তাঁদের কাছে!