টিকিতালিয়া বা টিক-ইতালিয়া

টিকি-টাকার দিন শেষ বলে পক্ষে-বিপক্ষে কত কথা! অথচ এর মধ্যেই ফুটতে শুরু করেছে নতুন ফুল। টিকি-টাকার ইতালিয়ান সংস্করণ, বলতে পারেন টিকিতালিয়া কিংবা টিক-ইতালিয়া!
ছোট ছোট পাসে নিজেদের মধ্যে খেলা, টুকটাক করে আস্তে আস্তে আক্রমণে ওঠা। প্রথম ম্যাচের ইতালি চমকে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। ডাটা সংস্থা অপটা স্পোর্টসের হিসাবে সেদিন শতকরা ৯৩.২ ভাগ সফল পাস দিয়েছিল ইতালি, বিশ্বকাপ ইতিহাসেই যা সর্বোচ্চ! ১৯৬৬ বিশ্বকাপ থেকে অপটা হিসাব রাখা শুরুর পর আগের সর্বোচ্চ ৯২.৭ শতাংশ ডেনমার্কের। ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ৬-১ গোলের জয়ে। ফিফা যদিও বলছে, ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ইতালির সফল পাস ছিল ৮৯ শতাংশ।
অপটার হিসাব সত্যি হোক বা ফিফার, দুটি পরিসংখ্যানই চোখ ধাঁধানো। ইতালি আর পাসিং ফুটবল পাশাপাশি বসেছে খুব কমই। অথচ পাসিং ফুটবলেই সেদিন ইংল্যান্ডকে হঁাপিয়ে তুলেছিল ইতালি। কিন্তু চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিরায়ত ফুটবল তো এটি নয়! নয় এই বর্তমান দলের খেলাও। এই ঘরানায় দীর্ঘমেয়াদি বসতি গড়ার পরিকল্পনাও নেই আজ্জুরিদের। এ ব্যবস্থা আপৎকালীন। ব্রাজিলের প্রচন্ড গরমে ৯০ মিনিট একই ছন্দ আর গিত ধরে রাখতেই সিজারে প্রানদেল্লির ব্যবস্থাপত্র এটি। যস্মিন দেশে যদাচার!
ইতালির প্রথম ম্যাচটি ছিল আমাজন জঙ্গলের মাঝের শহর মানাউসে। সেখানকার গরমে ভেঙে না পড়তেই ওই বিশেষ ব্যবস্থা প্রানদেল্লির। পরশু ‘টিক-ইতালিয়ার’ রহস্য খোলাসা করলেন ড্যানিয়েলে ডি রসি, ‘এই পদ্ধতি প্রানদেল্লির উদ্ভাবন। প্রচন্ড গরমে এই ছোট ছোট পাসে খেললে টিকে থাকা যায় বেশি সময়। এই গরমে অনেক দলকেই দেখেছি আধঘণ্টার পর ঘণ্টায় ২ কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে।’
পাঁচ মিডফিল্ডার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দলকে ৪-১-৪-১ ছকে খেলিয়েছেন প্রানদেল্লি। চার ডিফেন্ডারের সামনে খেলেছেন ডি রসি, মাঝমাঠের মাঝে আন্দ্রেয়া পিরলো ও মার্কো ভেরাত্তির দুই পাশে আন্তোনিও কানদ্রেভা ও ক্লদিও মার্কিসিও। ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইতালির এই মাঝমাঠ। সবচেয়ে বেশি ১১৭ বার বলে পা ছোঁয়ান পিরলো, সফল পাস ১০৩টি! ডি রসির সফল পাস ছিল ৯৯, ভেরাত্তির ৫৯। দুর্দান্ত এই পাসিং সেদিন অনেককেই মনে করিয়েছিল ২০১১ ক্লাব বিশ্বকাপের ফাইনালে সান্তোসের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্সের কথা। ৪-০ গোলের সেই জয়ে ১০৩টি পাসের ১০২টি সফল ছিল জাভি হার্নান্দেজের, ১০১ পাসে আন্দ্রেস ইনিয়েস্তার ছিল শতভাগ সফলতা।
ইংল্যান্ডের বিপক্ষে ইতালির ম্যাচটি ছিল সন্ধ্যা ৭টায়। তাতেই গরমে ছিল প্রাণ ওষ্ঠাগত। কাল রেসিফেতে কোস্টারিকার বিপক্ষে ইতালির ম্যাচ দুপুর ১টায়। টিক-ইতালিয়ার আরেকটি প্রদর্শনী দেখার আশা তাই করতেই পারেন! এএফপি ও গোলটডকম৷