টিকে থাকল ইকুয়েডরের স্বপ্ন

ম্যাচের শুরুতেই টিভি ধারাভাষ্যকর বললেন—‘দুই শক্তিশালী দলের লড়াই শুরু।’ ভুল বললেন কি? শক্তির বিচারে হন্ডুরাস-ইকুয়েডর দুই দলই কাছাকাছি। লড়াইটা হলোও সমান-সমান। তবে তুলনামূলক হন্ডুরাসের ভুলের মাত্রা বেশি, ইকুয়েডরের কম। তাই শেষ পর্যন্ত ১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল রেইনালদো রুয়েদার দল।
শুরুতে অবশ্য এগিয়ে যায় হন্ডুরাস। ৩২ বছর পর বিশ্বকাপে হন্ডুরাসের হয়ে প্রথম গোলটি করেন কার্লো কস্তলি। ১৯৮২ বিশ্বকাপে দলটি উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করেছিল। কিন্তু ঠিক তিন মিনিট পরে হন্ডুরাসের হাসি কেড়ে নেন এনার ভ্যালেন্সিয়া। ইকুয়েডরের এ ফরোয়ার্ড গোল করেছিলেন নিজেদের প্রথম ম্যাচে, সুইজারল্যান্ডের বিপক্ষেও।
প্রথমার্ধের শেষদিকে জেরি বেংটসনের গোলটি অফসাইডে বাতিল হলে রেফারি ও লাইন্সম্যানের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন হন্ডুরাসের খেলোয়াড়েরা। ৬৫ মিনিটে ওয়াল্টার আইয়োভির সেট পিসে পাওয়া ক্রসে দারুণ ফিনিশিংয়ে আবারও হন্ডুরাসের জালে বল জড়িয়ে দেন ভ্যালেন্সিয়া। এ গোল আর শোধ করতে পারেনি হন্ডুরাস। দুই ম্যাচে তিন গোল করে ভ্যালেন্সিয়া এ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের একজন। দুদলেই গোল করেছেন ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড়।
হন্ডুরাসকে হারিয়ে ইকুয়েডর বিশ্বকাপ আশা জিইয়ে রাখল। ফ্রান্সের কাছে সুইজারল্যান্ড বিধ্বস্ত হওয়ার পর ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে ইকুয়েডর। তবে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ২৫ জুন। মারাকানায় সেদিন ইকুয়েডরকে মোকাবিলা করতে হবে দুরন্ত ফ্রান্সকে।