টিকে থাকল ফাইনালে ওঠার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে শক্তিমত্তার দিক থেকে নিঃসন্দেহেই অন্যদের তুলনায় কিছুটা পিছিয়ে বাংলাদেশ। যে আসরে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত-শ্রীলঙ্কা, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা পাকিস্তান লড়াই করছে, সেখানে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা যে তুলনামূলকভাবে কিছুটা কম, সেটা বলার অবকাশ থাকে না। কিন্তু আজ এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন বেশ ভালোভাবেই জাগিয়েছে সাকিব-তামিম-মুশফিকেরা।আজ চারটি দলেরই দুটি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। দুই ম্যাচের দুটিতেই জয় দিয়ে ফাইনালে যাওয়ার কাজটা অনেকটাই এগিয়ে রেখেছে তারা। বাংলাদেশ ও ভারত দুই দেশই একটি জয় ও একটি হার নিয়ে জমা করেছে চার পয়েন্ট। তবে রানরেটের ভিত্তিতে এখনো কিছুটা এগিয়ে আছে ভারত। আর দুটি ম্যাচেই হেরে কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা।এখন বাংলাদেশের ফাইনালে যাওয়ার স্বপ্ন অবশ্য নির্ভর করছে অনেকগুলো যদি-কিন্তুর ওপরে। ১৮ মার্চ পঞ্চম ম্যাচে ভারত যদি পাকিস্তানের কাছে হেরে যায় এবং ২০ মার্চ বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তাহলে কোনো রানরেট হিসাবের ঝামেলায় যেতে হবে না বাংলাদেশকে। আর ভারত যদি পাকিস্তানের বিপক্ষে জিতে যায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে রানরেটের হিসাবটাও মাথায় রেখে খেলতে হবে স্বাগতিকদের।