টিকে থাকার লড়াইয়ে ভারতের লক্ষ্য ১৬১

শুরুটা যদি কালবৈশাখীর তাণ্ডব হয়, শেষটা স্রেফ দমকা বাতাস। ব্যাট হাতে যে ঝড় তুলে শুরু করেছিল অস্ট্রেলিয়া, শেষ পর্যন্ত সেই ঝড় থাকল না। আর থাকল না বলেই অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারতকে ছুড়ে দেওয়া লক্ষ্যটা বিশাল কিছু হলো না। ১৬১ রান ভারতের ব্যাটিং লাইনআপের জন্য খুব কঠিন কি?
জিতলে সেমিফাইনাল, হারলে এখানেই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা। কঠিন এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হলো অবিশ্বাস্য রকমের ভালো। আশিস নেহরার প্রথম ওভারে ৪, জশপ্রীত বুমরার পরের ওভারে ১৭। তৃতীয় ওভারে নেহরা আবার বল হাতে নিয়ে দিলেন ১০ রান। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এসে ছাড়িয়ে গেলেন সবাইকে। তাঁর করা ইনিংসের চতুর্থ ওভার থেকেই এল ২২ রান! সব মিলিয়ে ৪ ওভারেই ৫৩। টি-টোয়েন্টিতে প্রথম ৪ ওভারে এর চেয়ে বেশি রান অস্ট্রেলিয়া একবারই করেছে, ২০১০ সালে। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে প্রথম ৪ ওভারে ৫৫ করেছিল অস্ট্রেলিয়া।
শুরুর তাণ্ডবটা চালিয়েছেন মূলত উসমান খাজা। ১৬ বলে ২৬, প্রথম ২৪ রানই বাউন্ডারি থেকে! দলের ৫৪ রানে খাজা ফিরে যাওয়ার পর হঠাৎই নিজেদের গুটিয়ে নেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সে কারণেই ২২ বলে যেখানে প্রথম ৫০ হয়েছিল, সেখানে পরের ৫০ রান আসে ৫৬ বলে। ৭.৩ ওভারের পর টানা ৩১ বল কোনো বাউন্ডারি মারতে পারেনি অস্ট্রেলিয়া।
অ্যারন ফিঞ্চ এক প্রান্ত থেকে চেষ্টা করছিলেন রানরেট বাড়ানোর। কিন্ত ৩৪ বলে ৪৩ রান করার পর তাঁকেও ফিরে যেতে হলো হার্দিক পান্ডিয়ার বলে শিখর ধাওয়ানকে ক্যাচ দিয়ে। গ্লেন ম্যাক্সওয়েল এসে থিতু হওয়ার পর যখন হাত খুলে খেলবেন বলে ঠিক করলেন, তখনই তাঁকেও ফেরালেন বুমরা। অস্ট্রেলিয়ানরা এ রকম চাপে পড়ে যাওয়ার পুরো সুযোগটা নিয়েছেন অনেক দিন পর বল হাতে পাওয়া যুবরাজ সিং। ৩ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন স্টিভেন স্মিথের উইকেটটি। যদিও মহেন্দ্র সিং ধোনির হাতে কট বিহাইন্ড হয়ে ফিরে যাওয়ার সময় অস্ট্রেলিয়া অধিনায়ককে খুব সন্তুষ্ট মনে হয়নি। রিল্পেতেও আউটের পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি।
সপ্তম উইকেটে শেন ওয়াটসন ও পিটার নেভিল জুটি ৫ বলে ১৫ তোলায় ৬ উইকেটে ১৬০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।