টিকে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি?

চ্যাম্পিয়নস ট্রফি আর আয়োজিত হবে না—এমন একটি সিদ্ধান্ত আইসিসি নিয়েই রেখেছিল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা চিন্তা করছিল চ্যাম্পিয়নস ট্রফির বদলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দেশকে নিয়ে একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের। কিন্তু আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসছে আইসিসি। চ্যাম্পিয়নস ট্রফি বোধহয় অপমৃত্যুর হাত থেকে বেঁচেই গেল। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর হলো, আইসিসি এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারেই নাকি আগ্রহ হারিয়ে ফেলেছে। তিন জাতির টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট-বিশ্বে কতটা আলোড়ন তুলতে পারবে, এ নিয়ে সন্দিহান তারা। আইসিসির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকইনফোকে জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফি ভবিষ্যতে চালিয়ে যাওয়ার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছে আইসিসি। সেই সঙ্গে দর্শক আগ্রহ কম থাকায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যবিড়ম্বনা হলেও হতে পারে।
আইসিসি এখন চ্যাম্পিয়নস ট্রফিই রেখে দিতে চাইছে। শুধু তাই নয়, পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফিতে সবগুলো টেস্ট খেলুড়ে দেশকেই খেলানোর কথা ভাবছে তারা। এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পুরো ক্রিকেট-বিশ্বে দর্শকদের ব্যাপক আগ্রহই শেষ পর্যন্ত বাঁচিয়ে দিচ্ছে এই প্রতিযোগিতাকে।
‘নক আউট বিশ্বকাপ’ নাম নিয়ে ১৯৯৮ সালে ঢাকায় শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথম দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল নক আউট ফরম্যাটে। ২০০২ সালে নাম পরিবর্তন করে প্রতিযোগিতাটি হয়ে যায় ‘চ্যাম্পিয়নস ট্রফি’। ফরম্যাটেও কিছুটা পরিবর্তন আসে। ২০০০, ২০০২ ও ২০০৪ সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে অংশ নিয়েছিল সহযোগী দেশগুলো। ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি হয়ে যায় কেবল টেস্ট খেলুড়ে দেশগুলোর লড়াই। মাঝখানে তিন বছর বন্ধ থাকার পর ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ায় ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম আটটি দেশকে নিয়ে। এবারও চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দেশকে নিয়েই।
টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের ইচ্ছাটা আইসিসির অনেক দিনের হলেও এটি বাধাপ্রাপ্ত হচ্ছে দর্শক আগ্রহের দিকটি বিবেচনা করতে গিয়ে। যে ফরম্যাটে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছিল, সেটিতে অংশগ্রহণকারী তিনটি দেশ ছাড়া বাকি দেশে ক্রিকেটানুরাগীরা খেলা দেখতে আগ্রহী হবে কি না, তা নিয়ে আইসিসির মধ্যে চলছে আলোচনা। পৃষ্ঠপোষকেরাও এখানে বড় অনুষঙ্গ হিসেবে ভূমিকা রাখছে। সব মিলিয়ে ভাগ্য পুড়তে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপেরই।