টিকে রইল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ বলে ছক্কা মেরে জয় আনলেন সিবান্দা! খুশিতে তাঁর কাঁধে চড়ে বসলেন মারুমা । এএফপি
শেষ বলে ছক্কা মেরে জয় আনলেন সিবান্দা! খুশিতে তাঁর কাঁধে চড়ে বসলেন মারুমা । এএফপি

জিম্বাবুয়ের এই ম্যাচটারও নিষ্পত্তি হলো শেষ বলে। এবার অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে। কাল সিলেটে হল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার টেনে খেলার স্বপ্নও বাঁচিয়ে রাখল ব্রেন্ডন টেলরের দল।
একই মাঠে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ডিএল পদ্ধতিতে ২১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে আইরিশরা। আগামীকাল হল্যান্ডকে হারালেই সুপার টেনে উঠে যাবে দলটি।
ফিল্ডিং নিয়ে আমিরাতকে ১২৩ রানে আটকে রেখেছিল আইরিশরা। এরপর দলটি ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করার পর প্রথমে ফ্লাডলাইট বিভ্রাটে ও পরে বৃষ্টির কারণে আর খেলা হয়নি।
প্রথম ম্যাচে ডাচদের ১৪০ রান টপকাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক টেলর। ৩৯ বলে সর্বোচ্চ ৪৯ রান তাঁর, হ্যামিল্টন মাসাকাদজা করেছেন ৪৫ বলে ৪৩। টেলর যখন আউট হলেন ১১ বলে ১৫ রান দরকার জিম্বাবুয়ের। শেষ ওভারে প্রয়োজন ৭ রান। তৃতীয় বলে বরাতজোরে চার পেলেন শন উইলিয়ামস। ৩ বলে ১, রান এল না চতুর্থ বলে, পরের বলে রানআউট উইলিয়ামস। মালিকের করা শেষ বলটায় বিশাল এক ছক্কা মেরেই দলকে জেতালেন ভুসি সিবান্দা। এর আগে ১৯ রানে ৩ উইকেট হারানো হল্যান্ডকে টেনে তুলেছেন টম কুপার। ৫৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৭২ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
হল্যান্ড-জিম্বাবুয়ে
হল্যান্ড: ২০ ওভারে ১৪০/৫ (টম কুপার ৭২*, বেন কুপার ২০, বুখারি ১৪*; উতসেয়া ২/২৪, মুশাঙ্গুয়ে ১/২৪, পানিয়াঙ্গারা ১/৩৮)।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৬/৫ (টেলর ৪৯, মাসাকাদজা ৪৩, উইলিয়ামস ২৬; সিলার ২/৯, গুগটেন ১/২২, মালিক ১/৩০)।
ফল: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন টেলর।

আয়ারল্যান্ড-আমিরাত
আরব আমিরাত: ২০ ওভারে ১২৩/৬ (আনোয়ার ৩০, আমজাদ ২০, জাভেদ ১৯; স্টার্লিং ২/১২, ও’ব্রায়েন ২/১৭, মুরটাগ ১/২০)।
আয়ারল্যান্ড: ১৪.২ ওভারে ১০৩/৩ (জয়েস ৪৩, পোর্টারফিল্ড ৩৩*; আসাদউল্লাহ ২/২১, জাভেদ ১/১৮)।
ফল: আয়ারল্যান্ড ২১ রানে জয়ী (ডি/এল)।

ম্যান অব দ্য ম্যাচ: এড জয়েস।