টিকে রইল পরের রাউন্ডের আশা
ফিজির বিপক্ষে জয়টা প্রত্যাশিত ছিল। লক্ষ্য ছিল জয়ের ব্যবধানটা যেন বড় হয়। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে ফিজির বিপক্ষে বড় জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ হকি দলের সামনে। প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশ জিতেছে ৮-৪ গোলের ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে জয়ের লক্ষ্যের জায়গাটায় একটা খচখচানি থেকেই যাচ্ছে। যে দলকে আয়ারল্যান্ড ও ভারত ১০ গোলের বেশি ব্যবধানে হারিয়েছে, তাদের বিপক্ষে ব্যবধানটা মাত্র চার গোলের ! খচখচানি থাকলেও জয় জয়ই। সেদিক দিয়ে পুরোপুরি সফল বাংলাদেশ। আর দলের মধ্যে সফল পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। তাঁর স্টিক থেকে এসেছে চারটি গোল। দুর্দান্ত এই চারটি গোলেই বিশ্ব হকি লিগের পরের রাউন্ডে খেলার আশাটা টিকে রইল বাংলাদেশের সামনে। কাল নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক দল ভারতের।খেলার শুরু থেকেই গোলের নেশায় মত্ত হয়ে ফিজির ওপর ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। গোল আদায় করে নেয় ম্যাচের তিন মিনিটেই। দারুণ এক ফিল্ড গোল করেন কৃষ্ণ কুমার সাহা। ১১ মিনিটের সময় গোলের ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সংঘবদ্ধ এক আক্রমণ থেকে গোল করেন সেই কৃষ্ণই। ১৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন কামরুজ্জামান। তিন গোলে এগিয়ে বাংলাদেশ যখন গোলের নেশায় মত্ত, ঠিক তখনই ১৭ মিনিটে ফিজির এডওয়ার্ডস ব্যবধান কমিয়ে নিয়ে আসেন। ২৫ মিনিটে প্রাপ্ত পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের পোস্টে দ্বিতীয়বারের মতো বল ঠেলেন স্মিথ। তিন গোলে এগিয়ে থেকে দুই গোল খাওয়ার পর কিছুটা এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। শঙ্কা দেখা দেয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুঃস্বপ্ন ফিরে আসার। প্রথমার্ধ শেষ হয় ৩-২ ব্যবধানেই।দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে ফিজির ওপর চড়াও হয় বাংলাদেশ। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন মামুনুর রহমান চয়ন। কিন্তু এর পরক্ষণেই ফিজি আরও একটি গোল করে বাংলাদেশকে হতবাক করে দেয়। গোল করেন আলেস্কো স্মিথ, পেনাল্টি কর্নার থেকে। খেলার ব্যবধান ৪-৩ হয়ে যাওয়ার পর গোলের নেশায় মরিয়া হয়ে বাংলাদেশ অলআউট আক্রমণ শুরু করে। ৫৩ মিনিটে আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন চয়ন। ৫৫ মিনিটে দলকে ৬-৩ গোলে এগিয়ে দেন শেখ মোহাম্মদ নান্নু। চয়ন ৬৫ ও ৬৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও দুটি গোল করেন। ৬৯ মিনিটে আচমকা একটি প্রতি আক্রমণ থেকে ফিজির অ্যাড্রিয়ান স্মিথ গোলের ব্যবধান কমিয়ে নিয়ে আসেন।পেনাল্টি কর্নারে অসাধারণ পারঙ্গমতা দেখিয়ে চারটি গোল করে আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে তোলেন মামুনুর রহমান চয়ন। সূত্র: টেন স্পোর্টস।