টিকে রইল পিএসজির স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে টানা ষষ্ঠবারের মতো সেমিফাইনালে জায়গা পাওয়ার দৌড়ে বার্সেলোনার সম্ভাবনার কোনো উনিশ-বিশ হলো না। দুইবার এগিয়ে গিয়েও কাল রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র উদযাপনের মাত্রাটা একটু ফিকে করে দিলেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো বেশ ভালোভাবেই টিকিয়ে রাখল কাতালানরা। তবে দুইবার এগিয়ে গিয়েও ড্র করে মাঠ ছাড়াটা ক্যানসারের চিকিত্সা শেষে ডাগআউটে ফেরা টিটো ভিলানোভার কপালে যে গভীর ভাঁজ সৃষ্টি করবে—তাতে কোনো সন্দেহ নেই।টিটো ভিলানোভার চিন্তিত হওয়ার জায়গাটা কেবল দুইবার এগিয়ে গিয়ে ড্র করা নয়, কাল দলকে এক গোল উপহার দিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। চোটগ্রস্ত হয়েছেন ডিফেন্ডার হাভিয়ের মাচেরানোও। খবরে প্রকাশ, ম্যাচের ৮৪ মিনিটে স্ট্রেচারে করে বাইরে বের হয়ে যাওয়া মাচেরানো নাকি আগামী ছয় সপ্তাহ মাঠে নামতে পারবেন না! হাঁটুর লিগামেন্টে মারাত্মক আঘাতের শিকার তিনি।ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। যদিও শুরু থেকেই প্যারিস সেন্ট জার্মেইয়ের আধিপত্য আতঙ্ক ছড়িয়েছিল বার্সার সমর্থকদের মনে। তবে গোল খাওয়ার আগে বার্সেলোনা রক্ষণব্যূহে বারবারই আতঙ্ক ছড়াচ্ছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ডরা। খেলার ধারা অনুযায়ী এ সময় পিএসজি যদি দুই গোলেও এগিয়ে যেত, তাহলে অবাক হওয়ার কিছু থাকত না। প্রথমে লাভেজ্জি ও পরে জ্লাতান ইব্রাহিমোভিচের দুটি সুযোগ নষ্ট হওয়ার পরপরই হাভিয়ের পাস্তোর একটি দূরপাল্লার শট রক্ষা করেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। এর পরই নিজেদের গুছিয়ে ‘টিকি-টাকা’ দিয়ে ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার একটি প্রচেষ্ট এ সময় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট পিএসজির আক্রমণের ধারা কিছুটা শ্লথ হয়ে এলে তাঁর পরিপূর্ণ সদ্ব্যবহার করে বার্সেলোনা। ৩৮ মিনিটের সময় দানি আলভেজের নিপুণ এক পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে পিএসজি গোলরক্ষক সালভাতর সিরিগুকে পরাভূত করেন লিওনেল মেসি।গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরক্ষণেই স্কোরলাইনকে ২-০ বানানোর আরও একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বক্সের মধ্যে বল পেয়েও মেসির শট বারের ওপর দিয়ে চলে যায়।দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি মেসি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাঁকে উঠিয়ে মাঠে নামানো হয় সেস ফ্যাব্রিগাসকে। দ্বিতীয়ার্ধে অবশ্য পিএসজিতে তেমন একটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আক্রমণের অভাবে খেলাটি এ সময় গতি হারিয়ে বসে। এ সময় সার্জিও বুসকেটসের একটি দূরপাল্লার শট পিএসজি গোলরক্ষক সিরিগু রক্ষা করেন। পিএসজির বক্সের মধ্যে বল পেয়েও গোল করার একটি দারুণ সুযোগ হারান আলেক্সিস সানচেজ।ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে ভাগ্যক্রমে সমতা ফিরিয়ে নিয়ে আসে প্যারিস সেন্ট জার্মেই। থিয়াগো সিলভার একটি হেড বার্সেলোনার পোস্টে লেগে ফিরলে ফিরতি বলে তা জালে পাঠান জ্লাতান ইব্রাহিমোভিচ। গোলটি করার সময় ইব্রাহিমোভিচ পরিষ্কার অফসাইডে থাকলেও তা চোখ এড়িয়ে যায় জার্মান রেফারি উলফগ্যাং স্ট্রাকের।বার্সেলোনা আবার এগিয়ে যায় খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে। ৯০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে আলেক্সিস সানচেজকে ফেলে দেন পিএসজি গোলরক্ষক সিরিগু। প্রাপ্ত পেনাল্টির সদ্ব্যবহার করেন জাভি।নাটকের শেষ অঙ্কটা তখনো বাকি। ৯০ মিনিটের সময় ২-১ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা হয়তো তখন ভাবতেই পারেনি যে শেষ পর্যন্ত তাদের ড্র করেই মাঠ ছাড়তে হবে। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ব্লাইস মাতুইদির শট গোলরক্ষক ভালদেজকে পরাভূত করলে প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম বাঁধভাঙা উল্লাসে নেচে ওঠে। নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইয়ের টিকে থাকার স্বপ্নটা। রয়টার্স।