টিটি খেলোয়াড়দের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া টুর্নামেন্ট নেই, আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকেও সিনিয়র খেলোয়াড়দের বঞ্চিত করা হচ্ছে, অনুশীলনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, অনুসরণ করা হচ্ছে না বর্ষপঞ্জি—এমন একরাশ অভিযোগ নিয়ে কাল সংবাদ সম্মেলন করলেন টেবিল টেনিস খেলোয়াড়েরা। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে টিটির বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী জানালেন, ‘ফেডারেশন কর্মকর্তাদের অনাগ্রহের কারণে ম্যাকাওয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও জার্মানিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেতে পারিনি। গত জানুয়ারি মাসে এই কমিটি আসার পর খেলা বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে খেলোয়াড়দের সামগ্রিক মান কমে যাবে।’ সাবেক চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহ বলেন, ‘ফেডারেশনের সাধারণ সম্পাদককে আমরা কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ফেডারেশনে স্থবিরতা এসেছে। কয়েক বছর আগেও নিয়মিত যেসব টুর্নামেন্ট হতো সেগুলোও এখন হচ্ছে না। খেলোয়াড়দের হাত-পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে।’ সিনিয়রদের অভিযোগ, তাঁদের অবসরে চলে যাওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে। আগামী বছরের এসএ গেমস সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প করার প্রয়োজন, সেটাও হচ্ছে না বলে জানালেন টিটি খেলোয়াড়েরা। বিদেশি কোচ আনার উদ্যোগ নেই ফেডারেশনের, তাই দ্রুত বিদেশি কোচ আনার দাবি করলেন মানস-মাহবুব।নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সরকার অস্থায়ী কমিটি দেয় টেবিল টেনিস ফেডারেশনে। বাস্তবতা হলো, সাধারণ সম্পাদক কামরুল হুদা বেশির ভাগ সময়ই নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এসব অভিযোগের বিষয়ে তাঁর মন্তব্য জানার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। জানা গেছে, তিনি ব্যবসায়িক কাজে সিঙ্গাপুরে গেছেন।