টিটিতে তায়কোয়ান্দোর ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারটা প্রত্যাশিতই ছিল। দেখার বিষয় ছিল একটাই—কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বাংলাদেশ। হতাশা সেদিক দিয়েও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিসের উদ্বোধনী দিনে কাল একদমই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি জাভেদ, ইমরুল, স্নিগ্ধারা। দলগত দুই বিভাগেই প্রথম রাউন্ডে হেরেছে বাংলাদেশ। ছেলেদের দলকে ৩-০ সেটে চীন ও ৩-১ সেটে হারিয়েছে পাকিস্তান। ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছে মেয়েদের দলকে। প্রথম দুই ম্যাচে শুধু স্নিগ্ধাই একটি গেম জিতে হেরেছেন ৩-১-এ, বাকি সবাই ৩-০। বাংলাদেশ হারলেও বালক ও বালিকা বিভাগে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।কোচ মোস্তফা বিল্লাহ অবশ্য বাংলাদেশের এই হারের মধ্যেও খুঁজে পাচ্ছেন আশার আলো, ‘যতটা আশা করেছিলাম, তার চেয়েও ভালো খেলেছে ওরা। এসব টুর্নামেন্টে খেলার জন্য যতটা অভিজ্ঞতা প্রয়োজন, এর কিছুই তো নেই আমাদের।’খেলোয়াড়দের ব্যর্থতাই শুধু নয়, উদ্বোধনী দিনে আয়োজকদের অব্যবস্থাপনাও ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টটা টেবিল টেনিসের হলেও উডেনফ্লোর জিমনেসিয়ামের সামনের রেলিংয়ে ঝুলছে তায়কোয়ান্দোর বিভিন্ন ছবি! আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তার ছবিও। এসব ছবি টাঙানো হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিসের বিভিন্ন ব্যানারের ওপরই। হঠাৎ করে দেখে তাই বোঝার উপায় নেই ভেতরে টেবিল টেনিস চলছে, না তায়কোয়ান্দো!টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান ক্ষুব্ধ কণ্ঠে জানালেন, ‘রাজনৈতিক প্রভাব দেখিয়ে তায়কোয়ান্দো ফেডারেশন এই কাজগুলো করেছে। মন্ত্রীর ছবি সরাতে গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। এগুলো তাই চাইলেও সরাতে পারছি না।’ এ ব্যাপারে তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলামের ব্যাখ্যা, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে টুর্নামেন্টের সৌন্দর্য বর্ধনের জন্য আমাকে বলা হয়েছিল। টেবিল টেনিসের ভালোমানের ছবি না থাকায় আমি এনএসসির পরিচালক (উন্নয়ন) আবদুর রহমানের পরামর্শে তায়কোয়ান্দোর ছবি টানিয়েছি। আর এতে শুধু মন্ত্রী ও খেলোয়াড়দের ছবি আছে, কোথাও তায়কোয়ান্দো উল্লেখ নেই।’৮০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টে অব্যবস্থাপনার ছোঁয়া ছিল আরও। উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ মিনিটের নাচের জন্য আনা হয়েছিল নৃত্যভূমি শিল্পীগোষ্ঠীকে। অব্যবস্থাপনার অভিযোগ করেছে তারাও। এর আগে অংশগ্রহণকারী ১০ দলের খেলোয়াড়েরা মার্চপাস্ট করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।