টিটির অভিযোগ তদন্তে বিওএ
ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে টেবিল টেনিস খেলোয়াড় মাহবুব বিল্লাহর তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এসএ গেমসের বাংলাদেশের শেফ ডি মিশন মিজানুর রহমান দুই সদস্যের এই তদন্ত কমিটির প্রধান। চার-পাঁচ দিনের মধ্যেই প্রতিবেদন দেওয়ার কথা কমিটির।তিন দিন আগে এসএ গেমসের জন্য টিটির চূড়ান্ত দল ঘোষণার সময় কোচ ও ফেডারেশনের একজন যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে এন্তার অভিযোগ আনেন মাহবুবসহ অন্য খেলোয়াড়েরা।অভিযোগ ছিল, কোচের বেতন তুলে নিজেদের পকেটে ভরেছেন ফেডারেশন কর্মকর্তারা। নিম্নমানের বল দেওয়া হয়েছে অনুশীলনের জন্য। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জানিয়েছেন, মাহবুবের অভিযোগ খণ্ডাতে তাঁরা কাগজপত্র অলিম্পিক অ্যাসোসিয়েশনে জমা দিয়েছেন। তাঁর কথা, ‘আর্থিক ব্যাপারে আমরা সব সময়ই স্বচ্ছ। আর্থিক লেনদেনের কাগজপত্র আমরা দেখাতে প্রস্তুত। অনিয়মের প্রশ্নই ওঠে না।’অভিযোগের তাত্ক্ষণিক প্রতিবাদ জানান কোচ হাফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক সাইদুল হক সাদি। সাইদুল কাল বলেছেন, ‘আমার বিরুদ্ধে কেউ এসব অভিযোগ প্রমাণ করতে পারলে ক্রীড়াঙ্গনেই আর থাকব না। ফেডারেশনের দেওয়া যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’তবে মাহবুব এখনো যথেষ্ট ‘সাহস’ দেখিয়ে যাচ্ছেন, ‘আমি কোনো মিথ্যা কথা বলিনি এটা জোর গলায় বলতে পারি। আমাকে ছাড়া দল হলে তো দেশেরই ক্ষতি হবে। তা ছাড়া এক-দুই লাখ টাকার বল যে এখানে আসেনি এটাই তো তাদের দুর্নীতির বড় প্রমাণ।’অভিযোগ ভিত্তিহীন হলে মাহবুবকে এসএ গেমস থেকে বহিষ্কার করা হতে পারে, এমনই আভাস। মিজানুর রহমান বলছেন, ‘মাহবুবের অভিযোগ তদন্ত করতে চাই আমরা এবং কোনটা ঠিক সেটাও দেখতে চাই। এর পর আমরা একটা সুপারিশ দেব ফেডারেশনের কাছে। মাহবুব দোষী হলে সেটা দেখবে ফেডারেশন। খেলোয়াড়দের শৃঙ্খলার মধ্যে আনার দায়িত্ব তো ফেডারেশনেরই।’