টিটির বাস্তব আর সাইক্লিংয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের দক্ষিণ এশীয় গেমসে টেবিল টেনিসে কেমন করবে বাংলাদেশ? ফেডারেশনের সাধারণ সম্পাদক এ টি এম শামসুল আলমকে বেশ আত্মবিশ্বাসী লাগল, ‘পুরুষ দলগত ইভেন্টে রুপা জিততে পারি। আর মেয়েদের ইভেন্টে ব্রোঞ্জ।’ প্রস্তুতিটা কেমন? হেসে উত্তর দিলেন, ‘প্রস্তুতিটা ভালোই হয়েছে। জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করেছি। চীন থেকে কোচ এসেছে। এশিয়ান টিটিতে খেলে এসেছে ওরা। সেখানেও ভালো করেছে।’ কিন্তু বাস্তবতা হলো টেনিস ফেডারেশন একটা ‘অসুখী পরিবার’।কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য এতটাই প্রকট যে তা উঠে এল কাল এসএ গেমসের আনুষ্ঠানিক দল ঘোষণার সময়ও। এক পাশে চলছিল দল ঘোষণা। আরেক পাশে ক্ষোভে ফুঁসছিলেন খেলোয়াড় মাহবুব বিল্লাহ। কেন এত ক্ষোভ? মাহবুব জানালেন, ‘আমাদের প্রস্তুতি যা হয়েছে সেটা নিজেদের তাগিদেই। আমি নিজে গত ঈদে দেশে না থেকে ভারতে নিজের উদ্যোগে প্রশিক্ষণ নিয়েছি।’ মৌমিতা আলম রুমি বললেন, ‘ক্যাম্প হয়েছে লোক দেখানো। আমরা ফেডারেশনের কোনো সমর্থন পাইনি। নতুন কোচ আসার আগে হাফিজুর রহমান ছিলেন কোচ। উনি কোচিংয়ের কিছুই জানেন না।’ মাহবুব ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ এনেছেন, ‘কোচদের বেতনের নামে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মাসে ১৮ হাজার টাকা করে তুলে নিয়েছেন সাইদুল ইসলাম সাদি ও হাফিজুর রহমান।’ তবে সব অভিযোগই অস্বীকার করেছেন সাদি, ‘ওরা যা বলছে, সেটা পুরোপুরি মিথ্যা কথা। আমাদের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। কেউ ওদের দিয়ে এগুলো বলাচ্ছে।’মেয়েদের সেরা খেলোয়াড় সনম সুলতানা সোমা বর্তমান কোচকে পেয়ে খুশি, ‘প্রথম থেকে এই কোচকে পেলে আমরা আরও উন্নতি করতে পারতাম। আমাদের আসলে সত্যিকারের ট্রেনিং হয়েছে দুই মাস। বাকি ১০ মাস নষ্ট হয়েছে।’ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় গত নভেম্বরে চীনা কোচ সান ই এসেছেন। সামান্য অনুশীলনেই ছেলে-মেয়েদের অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন তিনি, ‘আমি আসার পর প্রতিদিনই এদের খেলায় উন্নতি হয়েছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশের খেলোয়াড়দের সম্পর্কে আমার ধারণা নেই। তবে এটুকু বলব, এরা ভালোই করবে।’এসএ গেমসে এ পর্যন্ত টিটি বাংলাদেশকে দিয়েছে ৪টা ব্রোঞ্জ—১৯৯১ কলম্বোতে ১টি, ১৯৯৩ ঢাকায় ১টি ও ১৯৯৫ মাদ্রাজে ২টি। তবে এবার নভেম্বরে ভারতের লক্ষ্নৌতে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নেপাল, লাওস ও জর্ডানকে হারিয়ে খেলোয়াড়দের মনোবল অনেক উঁচুতে। নিজেদের মধ্যে যতই মতবিরোধ থাকুক, দেশের স্বার্থে এক হয়েই কোর্টে নামবেন বলে জানালেন খেলোয়াড়েরা। কাল এসএ গেমসের জন্য ঘোষিত দলে স্থান পেয়েছেন মানস চৌধুরী, হ্যামলেট, মাহবুব বিল্লাহ, মোস্তফা বিল্লাহ ও গৌতম দাস। মেয়েদের দলে আছেন সনম সুলতানা সোমা, সালেহা পারভীন, মৌমিতা আলম রুমি, জয়িতা দত্ত ও রহিমা আক্তার।টেবিল টেনিসের স্বপ্ন যখন রুপার বেশি নয়, সাইক্লিং তখন সোনার স্বপ্নে বিভোর। এপ্রিলে দিনাজপুরে ক্যাম্প শুরু করে সাইক্লিস্টরা মূল ভেন্যু খুলনাতেই প্র্যাকটিস করছেন গত সেপ্টেম্বর থেকে। এশিয়ান সাইক্লিং কনফেডারেশনের সহায়তায় গত ৩০ ডিসেম্বর কোরিয়ান কোচ হুয়াং কিমকে পেয়েছে তারা। এই অল্প সময়ের প্রস্তুতিতেই সোনা জয়ের আশা করছেন ফারহানা সুলতানা, ‘আমাদের এই কোচকে আরও আগে পেলে ভালো হতো। তবুও এই কদিনেই তিনি যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন তাতে আমরা দলগত সোনা জয়ের আশা করতে পারি।’ ২০০৬ কলম্বো গেমসে প্রথম অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে শূন্য হাতে। তবে এবার ছেলেদের দলের রিপন, মোসলেহউদ্দিন, শামসুল হুদা, আনোয়ার ও ইফতিয়ার আহমেদ এবং মেয়েদের মধ্যে ফারহানা, চিং বাই মারমা, আনোয়ারা, সাথী বিশ্বাসকে নিয়ে ফেডারেশনের অনেক আশা। ক্যাম্প কমান্ড্যান্ট আবদুল কুদ্দুস জানালেন, ‘ছেলে-মেয়েরা যেভাবে অনুশীলন করছে তাতে আমি আশা করি এই ইভেন্টে দলগততে একটা সোনা আমরা জিতবই।’ মাত্র ৪টি সাইকেল ভাগাভাগি করে প্র্যাকটিস করতে হচ্ছে। জাপানি সহায়তায় আরও ৪টি সাইকেল এসেছে গতকাল। গেমস শুরুর মাত্র ১৭ দিন বাকি। অথচ প্রয়োজনীয় সরঞ্জামের অপ্রতুলতা সত্ত্বেও সোনা জয়ের স্বপ্ন দেখছেন সাইক্লিস্টরা।