টিটির সেরা সোমা-হৃদয়

প্রায় দুই বছরের ছেলেকে মায়ের কাছে রেখে খেলতে নেমেছিলেন সোনম সুলতানা সোমা। মাত্র ১০ দিনের অনুশীলনেই প্রমাণ করলেন, এখনো হারিয়ে যাননি। চার বছর পর আবারও কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই খেলোয়াড়।
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ক্রিডেন্স কাপ ওপেন র্যাঙ্কিং টিটির শেষ ম্যাচে সাদিয়া রহমান মৌকে হারিয়েছেন সোমা। মহিলা এককের চার গ্রুপের চ্যাম্পিয়ন রাহিমা আক্তার, মৌমিতা আলম রুমি, মৌ ও সোমার মধ্যে লিগ ভিত্তিতে হয়েছে খেলা। সোমা তিন ম্যাচের সব কটি জিতে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। দুই ম্যাচ জিতে রানারআপ রুমি।
পুরুষ এককের ছয়বারের চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান হোসেন হৃদয়। ফাইনালে কাল হৃদয় ৪-৩ গেমে হারিয়েছেন মাহবুবকে। গত সেপ্টেম্বরে জাতীয় টিটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন মাহবুব ও রাহিমা। কিন্তু সেই পারফরম্যান্স এখানে ধরে রাখতে পারেননি কেউই।
দীর্ঘদিন পর কোর্টে ফিরেই চ্যাম্পিয়ন, সোমা রীতিমতো বিস্মিত, ‘জাতীয় টিটিতে পিঠের ব্যথার কারণে খেলতে পারিনি। এই টুর্নামেন্টের জন্য হাতে গোনা ৮-১০ দিন অনুশীলন করতে পেরেছিলাম। আমি কল্পনাও করতে পারিনি চ্যাম্পিয়ন হব।’
মাহবুবের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়ে চ্যাম্পিয়ন। ১৯ বছরের তরুণ হৃদয় যেন একটু অবাকই, ‘এর আগে মাহবুব ভাইকে দুবার হারিয়েছিলাম। এবারও ভেবেছিলাম হারাতে পারব। তবে এখানে সেরা আটে উঠলেই খুশি থাকতাম। ভাবতে পারিনি চ্যাম্পিয়ন হব।’