টিটি-দম্পতির ফেড কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ টিটিতে চ্যাম্পিয়ন দম্পতি মাহবুব বিল্লাহ ও মৌমিতা আলম। কাল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে l প্রথম আলো
ফেডারেশন কাপ টিটিতে চ্যাম্পিয়ন দম্পতি মাহবুব বিল্লাহ ও মৌমিতা আলম। কাল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে l প্রথম আলো

এবারের ফেডারেশন কাপ টেবিল টেনিস তাঁদের দুজনের কাছেই ব্যতিক্রমী আনন্দের উপলক্ষ। ২০০৮ সালে বিয়ের পর থেকে ‘টিটি দম্পতি’ মাহবুব বিল্লাহ ও মৌমিতা আলম (রুমি) এই প্রথম একই প্রতিযোগিতায় এককে চ্যাম্পিয়ন হলেন!

আগের দিন মহিলা এককের শিরোপা জেতেন মৌমিতা। কাল পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন মাহবুব। সুপার ফোরে ওঠা চার খেলোয়াড় মাহবুব, হৃদয়, তুহিন ও পরাগের মধ্যে লিগ পদ্ধতিতে হয়েছে খেলা। এতে মাহবুব ৩-১ গেমে পরাগকে, ৩-০ গেমে তুহিন ও হৃদয়কে হারিয়েছেন।

সাত বছর পর গত ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেয়েছেন মৌমিতা। এবার জিতলেন ফেডারেশন কাপ। অথচ ‘ফিটনেস নেই’ অজুহাতে এপ্রিলে জাপানে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপের দলে তাঁকে নেওয়া হয়নি। প্রসঙ্গটা কাল তুললেন মৌমিতা, ‘আমার যদি ফিটনেস না-ই থাকে তাহলে কীভাবে এবার চ্যাম্পিয়ন হলাম। বিশ্বকাপের দলে না নেওয়ায় জিদটা বেড়ে গিয়েছিল। এরপর একা একা নিয়মিত অনুশীলন করেছি।’

৩৮ বছর বয়সেও খেলে চলেছেন মাহবুব। কাল তিন ম্যাচ জিততে সময় নেন মাত্র আধঘণ্টা। চ্যাম্পিয়ন হওয়ায় মাহবুবের র‌্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে ১২০। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফিটনেসটা ধরে রেখেছেন। আর কত দিন খেলা চালিয়ে যেতে চান? মাহবুবের সহাস্য উত্তর, ‘আরও পাঁচ বছর খেলার পর অবসরের চিন্তা করব!’ দম্পতি তাঁরা, কিন্তু থাকেন দূরে দূরে। রাজধানীর স্কলাস্টিকা স্কুলের শিক্ষক মৌমিতা। আর খুলনা বিকেএসপির টিটি কোচ মাহবুব। ঢাকা-খুলনা যাতায়াতের বাইরে টিটিই যেন দুজনের আরেকটা সেতুবন্ধ।