টিটো থেকে দ্রগবা
ছয় মাস বয়সেই হাঁটতে শেখা। পাঁচ বছর বয়সে বাবা-মাকে ছেড়ে অন্য দেশে পাড়ি জমানো এবং এক কিশোরীর ভালোবাসার বাঁধনে জড়ানো। অতঃপর ১৭ বছর বয়সেই তাঁকে বিয়ে করে সংসার পাতা।
ফুটবলার দিদিয়ের দ্রগবার ৩৫ বছরের জীবনটা রোমাঞ্চকর এক গল্প। এত দিন অনেকের কাছেই অজানা এই কাহিনিটা উঠে এল কার্টুন চিত্র হয়ে। তরুণ আফ্রিকানদের উজ্জীবিত করতে দ্রগবার জীবনকাহিনি নিয়ে বানানো হয়েছে কার্টুন চিত্র ‘ফ্রম টিটো টু দ্রগবা’। টিটো তাঁর ছোটবেলার ডাক নাম। সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর প্রতি মুগ্ধতা থেকেই ছেলের এই নাম রাখেন দ্রগবার মা। আইভরি কোস্টের আবিদজানের নোংরা রাস্তায় বল নিয়ে খেলা টিটো থেকে কীভাবে দ্রগবা হয়ে উঠেছেন, কার্টুনটি সেই গল্পই শোনাচ্ছে।
আইভরি কোস্টেরই ৩৬ বছর বয়সী গাবিন বাও পরিচালিত কার্টুন চিত্রটি প্রথম মুক্তি পায় আইভরি কোস্টে ২০১২ সালে। এখন মুক্তি দেওয়া হয়েছে ফ্রান্সে। মাত্র পাঁচ বছর বয়সেই দ্রগবা ফুটবলার চাচা মিচেল গোবার হাত ধরে পাড়ি জমান ফ্রান্সে। ব্রিটেন, ব্রাজিল এবং তুরস্কেও কার্টুনটির সংস্করণ বেরোবে। ক্যারিয়ারের দীর্ঘ আটটি বছর কাটিয়েছেন চেলসিতে। ব্রাজিলে দ্রগবা খেলবেন ২০১৪ বিশ্বকাপ। আর গ্যালাতাসারাইয়ে খেলেন বলে তুরস্ক তো বর্তমান ঠিকানাই। এএফপি।