টিভি দর্শকে রেকর্ড

টেলিভিশন দর্শকদের দিক থেকে রেকর্ড গড়েছে ব্রাজিল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, টিভিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ দেখার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড এবার ছাড়িয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, ব্রাজিল-ক্রোয়েশিয়ার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ব্রাজিলের গ্লোবো টিভিতে সরাসরি উপভোগ করেছেন চার কোটি ২৯ লাখ দর্শক। আইভরিকোস্টের কাছে জাপানের ২-১ গোলে হেরে যাওয়ার ম্যাচটি জাপানি টিভি চ্যানেল এনএইচকেতে দেখেছেন তিন কোটি ৪১ লাখ দর্শক। যুক্তরাষ্ট্রে ইএসপিএন চ্যানেলে ঘানা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখেছেন এক কোটি ১১ লাখ দর্শক। এর আগে ইএসপিএনে এত বেশিসংখ্যক দর্শক কখনোই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করেননি।
ইতালির কাছে ইংল্যান্ডের ২-১ গোলের হার যুক্তরাজ্যের বিবিসি ১-এ সরাসরি দেখেছেন এক কোটি ৪২ লাখ দর্শক। অন্যদিকে ইতালির আরএআই ১ টিভিতে ম্যাচটি দেখেন এক কোটি ২৮ লাখ দর্শক। এটি দর্শক সংখ্যায় এ বছর দুটি দেশেই রেকর্ড। পর্তুগালের বিপক্ষে জার্মানির ৪-০ গোলের জয় জার্মান চ্যানেল এআরডিতে উপভোগ করেছেন দুই কোটি ৬৪ লাখ দর্শক।
ফিফার টিভি ডিরেক্টর নিকলাস এরিকসন বলেছেন, এই রেকর্ড ভাঙা সংখ্যাগুলোই প্রমাণ করে, গোটা বিশ্বে ফুটবল এবং ফিফা বিশ্বকাপ কতটা জনপ্রিয়। সূত্র: রয়টার্স।